নাপোলি কোচ রাফায়েল বেনিতেজ বিশ্বাস করেন অ্যান্টোনিও কন্টেকে ছাড়াও জুভেন্টাস সিরি-আ লিগে তাদের ফেবারিটের তকমা ধরে রাখবে। কন্টে দল ছেড়ে চলে যাবার পরে চারিদিকে গুজব উঠেছিল দলের প্রধান কোচ ছাড়া নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে জুভদের সমস্যায় পড়তে হবে। গত সপ্তাহে ইতালিয়ান লিগের টানা তিন বছরের চ্যাম্পিয়ন জুভেন্টাস ছেড়ে চলে যান কন্টে।
নিজের চার বছরের মেয়াদকালে দলকে তিনবার শিরোপা এনে দিয়ে ক্লাবের সাথে আলোচনা সাপেক্ষেই ৪৪ বছর বয়সী কন্টে জুভেন্টাস ছেড়েছেন। তার এই আকস্মিক প্রস্থানে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বেনিতেজের মতে কন্টে বিহীন জুভেন্টাসকে নিয়ে হতাশ হবার কোন অবকাশ নেই। তাদের নতুন বস মাসিমিলিয়ানো আলেগ্রির অধীনেও তারা নিজেদের জয়ের ধারা বজায় রাখবে। ৫৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড এক সংবাদ সম্মেলনে বলেছেন, জুভেন্টাস বরাবরই শক্তিশালী দল এবং আবারো তারা সেটা প্রমাণ করবে। কন্টের চলে যাওয়া খুব একটা পার্থক্য গড়ে দিবে না। আমি মনে করি না সিরি-আ লীগে আমরা ফেবারিট হতে পারবো। কন্টের মতই ভাল মানের কোচ আলেগ্রি। দেখা যাক কি হয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত করে বলা যায় তাদের মান উপরেই থাকবে।
এদিকে বেনিতেজ স্পষ্টভাবে বলে দিয়েছেন তারা গঞ্জালো হিগুয়েইন এবং হোসে ক্যালেয়নের মত বড় তারকাদের এবারো ছাড়ছেন না। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে এবারো তাদের উপর নাপোলি নির্ভরশীল। তবে দলে একজন মিডফিল্ডারের খোঁজ করা হচ্ছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। অনেকেই জেভিয়ার মাসচেরানোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু বার্সেলোনা তাকে ছাড়বে কিনা সে ব্যপারে এখনো কিছু জানা যায়নি।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





