প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার অপেক্ষাকৃত দুর্বল ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এই ম্যাচে ড্রয়ের পর ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে মোহামেডান। আর ফেনী সকার ৬ ম্যাচে সংগ্রহ করেছে ৫ পয়েন্ট, অবস্থান অপরিবর্তিত ৮।
ম্যাচ শুরুর ৫ মিনিটেই নিজেদের এগিয়ে নেয় মোহামেডান। বল নিয়ে ফেনী সকারের বক্সে ঢুকে পড়েন মোহামেডানের মিডফিল্ডার মোঃ ইব্রাহিম। তার বা পায়ের গড়ানো দুর্বল শট আটকাতে ব্যর্থ হয় প্রতিপক্ষ দলের গোলরক্ষক সলিমউল্লাহ। হাত ফস্কে বলটি আশ্রয় নেয় ফেনীর জালে (১-০)।
ম্যাচের ২২ মিনিটে সমতায় ফেরে ফেনী সকার। ফেনীর গামবিয়ান মিডফিল্ডার যাত্তা মোস্তফাকে নিজেদের বক্সে ফাউল করেন মোহামেডানের মিডফিল্ডার সোহেল রানা। রেফারি আব্দুল হান্নান পেনাল্টির নির্দেশ দেয়। আর স্পট কিক থেকে গোল করেন মোস্তফা (১-১)।
প্রথমার্ধের শেষ সময়ে ফেনীর আরেক গাম্বিয়ান মিডফিল্ডার দাওদা চিসে একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। তার শটটি ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন মোহামেডানের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করলেও কোনো দলই গোল করতে পারেনি। ফলে ড্রতে নিষ্পত্তি হয় এই দুই দলের লড়াই।
জেডআই





