একই পরিবারের তিন ভাইয়ের এক সাথে পেশাদার ফুটবলে খেলার নজির খুব একটা নেই। কিন্তু জুভেন্টাসের তারকা ফুটবলার পল পগবার দুই ভাইও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।

পগবার বড় দুই যমজ ভাই ২৪ বছর বয়সী ফ্লোরেনটিন পগবা সেইন্ট এতিয়েনের ডিফেন্ডার পজিশনে এবং ম্যাথিয়াস পগবা সিরি- বি দল পেসকারার স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন। তিন ভাইয়েরই স্বপ্ন কোন একদিন পেশাদার ফুটবলে একসাথে এক ক্লাবে খেলার। পল আন্তর্জাতিক পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করলেও বড় দুই ভাই তাদের জন্মসূত্রের দেশ গিনির পক্ষেই খেলে থাকেন। তবে ভবিষ্যতে তিনজন মিলে একই ড্রেসিং রুমে সময় কাটাতে চান।

এ সম্পর্কে ফ্লোরেনটিন বলেছেন, এটাই আমার স্বপ্ন। ভবিষ্যতে যদি এই ধরনের কিছু ঘটে তবে আমি ফুটবল থেকে অবসরের আগে শান্তি পাব। ছোটবেলা থেকেই আমাদের স্বপ্ন ছিল তিনজন একসাথে এক ক্লাবে খেলছি। একসাথে কোন শিরোপা জেতার আনন্দই অন্যরকম।

বড়দিন উদযাপন উপলক্ষ্যে তিন ভাই ফ্রান্সে একত্রিত হবেন। ফ্রান্সের লীগ ওয়ান ক্লাব সেইন্ট-এতিয়েনের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় চলতি মৌসুমে ফ্লোরেনটিন ১৬টি ম্যাচে খেলেছেন। অন্যদিকে ম্যাথিয়াস গত গ্রীষ্মে ক্রু থেকে পেসকারায় যোগ দেবার পরে মাত্র চারটি ম্যাচে অংশ নিয়েছেন। তবে পরিবারের সবচেয়ে প্রতিভাবান সন্তান হিসেবে পল বিশ্ব ফুটবলের একজন অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন।

জেডআই