সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ওয়েস্ট ইন্ডিজে চলতি ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। গত রাতে শেষ হয়েছে অপেক্ষার, পুত্রসন্তানের বাবা হয়েছেন শন মার্শ।

খুশির খবরটা অস্ট্রেলিয়ান ওপেনার নিজেই শনিবার জানিয়েছেন ইনস্টাগ্রামের মাধ্যমে। স্ত্রী রেবেকা ও’ডনোভান ও ছেলে অস্টিন রস মার্শ- দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন মার্শ।

স্ত্রী ও সদ্যোজাত সন্তানের সঙ্গে ছবি দিয়ে মার্শ লিখেছেন, গর্বের সঙ্গে জানাচ্ছি, গত রাত ১০টা ৩৭ মিনিটে ছোট্ট অস্টিন রস মার্শ নিরাপদে পৃথিবীতে এসেছে। বেক (রেবেকা) তো সব সময়ই আমার সুপারস্টার। আমাদের ছোট্ট শিশুটিও আদুরে। আমরা ওকে অনেক ভালোবাসি।’

অস্টিন রসই মার্শ-রেবেকা দম্পতির প্রথম সন্তান। গত বছরের এপ্রিলে বিয়ে করেন মার্শ-রেবেকা।

সদ্য বাবা হওয়া মার্শ গত এপ্রিলে আইপিএলে খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন। তবে চোট কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরতে পারেন ৩২ বছর বয়সি বাঁহাতি এই ব্যাটসম্যান।

এফএফ