চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ জিতলেও পঞ্চম ও শেষ ম্যাচে ফলো-অন এড়াতে পারল না ইংল্যান্ড। ফলো-অন এড়াতে প্রথম ইনিংসে ২৮২ রান দরকার ছিল ইংলিশদের। কিন্তু ১৪৯ রানে অল আউট হয়ে যায় তারা।

টেস্টের তৃতীয় দিন শনিবার লন্ডনের কেনিংটন ওভালে ৮ উইকেটে ১০৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মইন ও উড দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দেড়শ রান করার আগেই তাদের ইনিংস গুটিয়ে দেয় অসিরা।

জনসনের বলে ১০ নম্বর ব্যাটসম্যান উড (২৪) মিচেল স্টার্কের ক্যাচে পরিণত হলে ভাঙে ৫৭ রানের জুটি। পরের বলে মইনকে (৩০) পিটার নেভিলের গ্লাভসবন্দি করে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেন জনসন।

অস্ট্রেলিয়ার জনসন ও মিচেল মার্শ তিনটি করে উইকেট নেন।

অধিনায়ক মাইকেল ক্লার্ক তার বিদায়ী টেস্টেই প্রথমবারের মতো কোনো দলকে ফলো-অন করালেন। এর আগে চারবার এমন সুযোগ পেলেও প্রতিপক্ষকে ফলো-অন করাননি তিনি।

এর আগে স্টিভেন স্মিথের শতকে প্রথম ইনিংসে ৪৮১ রান করে অস্ট্রেলিয়া।

অ্যাশেজ সিরিজে ৩-১ এগিয়ে আছে ইংল্যান্ড।

জেডআই