গতকাল বৃহস্পতিবার শোকে স্তব্ধ হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। একদিন থমকে থাকার পর শোকাচ্ছন্ন পরিবেশ কেটে যাচ্ছে ধীরে ধীরে। শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে গড়িয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের চতুর্থ ওয়ানডে।
শুরুটা চরম খারাপ হয়ে যায় টাইগারদের। গত তিন ম্যাচের রেশ যেন কেটে গিয়েছিল আজকের ব্যাটিংয়ে। টসে জিতে ব্যাট করতে নেমে ৩২ রানেই চার উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। তবে, পঞ্চম উইকেটে দুই ভাইরা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে এগুচ্ছে বাংলাদেশ। দলকে বিপর্যয় থেকে টেনে ওঠানোর পথে অর্ধশতক পেয়েছেন দুজনই। দুজনের পার্টনারশিপ হয়েছে ১৩১ রানের; যা পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। শেষ খবর পাওয়া পর্যন্ত মুশফিক ৭৭ বলে ৭৭ করে আউট হয়ে গেছেন। অন্যদিকে মাহমুদুল্লাহ ৭৯ বলে ৫০ রানে অপরাজিত রয়েছেন।
শুক্রবার চতুর্থ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারের মধ্যেই টপ অর্ডারের সেরা চার ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। দলীয় ১৪ রানে এনামুল হক বিজয়কে হারানোর পর ৩১ রানে ফিরেছেন তামিম ইকবাল। এরপর স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না করতেই ফিরেছেন ইমরুল কায়েসও (৫)। দলীয় ৩২ রানে আউট সাকিব আল হাসানও (১)।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৩৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে। এনামুল ৫, ইমরুল ৫, তামিম ১৬ ও সাকিব ১ রান করে আউট হন। জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন তেনদাই চাতারা ও নেভিল মাজিভা।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগাররা পাঁচ ম্যাচের সিরিজ আগেই নিশ্চিত করায় এই ম্যাচে বেশিকিছু রদবদল করেছে। তৃতীয় ওয়ানডে থেকে বাদ দেয়া হয়েছে আরাফাত সানিকে। যিনি তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন। তার জায়গায় অভিষিক্ত হচ্ছেন জুবায়ের হোসেন।
শফিউলের জায়গায় সুযোগ মিলেছে আবুল হোসেনের। আর মুমিনুলের জায়গায় খেলবেন ইমরুল কায়েস। মূলত বিশ্বকাপের কথা চিন্তা করেই অন্যান্য খেলোয়াড়দের বাজিয়ে দেখার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।অন্যদিকে জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন এসেছে। তিনাশে পানিয়াঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন তেনদাই চাতারা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা, আবুল হাসান, জুবায়ের হোসেন ও রুবেল হোসেন।
জিম্বাবুয়ে দল: টি মারুমা, হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা, আর চাকাভা, এলটন চিগম্বুরা, পি মুর, নেভিল মাদজিভা, এস মায়ার, টেনদাই চাতারা ও টি কামুনগোজি।
এমএ





