নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পিছনে দায়ী কলাম্বিয়ান ডিফেন্ডার হুয়ান জুনিগাকে কোন শাস্তি দিচ্ছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা।
কোয়ার্টার ফাইনালে জুনিগার হাঁটুর আঘাতে নেইমারের মেরুদন্ডের কশেরুকায় চিড় ধরে এবং ম্যাচের ৮৮ মিনিটে তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে স্ক্যান রিপোর্টে তারা আঘাতের মাত্রা গুরুতর বলে চিহ্নিত হয়। কিন্তু ২৮ বছর বয়সী জুনিগার এই কাণ্ড পুরোপুরিভাবে চোখ এড়িয়ে যায় রেফারির। এমনকি এই ঘটনার জন্য তাঁকে কোনো ধরনের কার্ডও দেখানো হয়নি। এ কারণেই পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ফিফার কাছে জুনিগার অপরাধের জন্য শাস্তির অনুরোধ জানায়। কিন্তু ফিফা ডিসিপ্লিনারি কমিটি আবেদন নাকচ করে দেয়।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে এই ঘটনায় কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারণ ঘটনাটি ম্যাচের মধ্যে ঘটেছে এবং তখন রেফারি ভেলাসকো কারবালো মাঠে উপস্থিত ছিলেন।
তবে ফিফার পক্ষ থেকে নেইমারের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। একই সাথে ব্রাজিলিয়ান অধিনায়ক থিয়াগো সিলভার হলুদ কার্ডের বিপক্ষেও সিবিএফর করা আবেদনটি নাকচ করে দিয়েছে ফিফা। তাদের মতে এই ধরনের অনুরোধের কোনো আইনগত ভিত্তি নেই।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





