বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তামিম ইকবাল। ৩৭ টেস্ট খেলা তামিমের রান এখন ২৭৪৩। এতে রয়েছে ৬ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরি।
ওয়ানডে ও টেস্ট কোন ফর্মেটেই নিজ জন্মভূমিতে কোন সেঞ্চুরি ছিল না চট্টগ্রামের সন্তান তামিম ইকবালের। কিন্তু বদলে যাওয়া জাতীয় ক্রিকেট দলের এই ওপেনিং ব্যাটসম্যান এবার চট্টগ্রামে এসে দারুণভাবে সফল হয়েছেন। ধারাবাহিক ব্যাটিংয়ের ম্যধ্যে থাকা তামিম জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১ম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসের ব্যাটিং থেকেও তিনি তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।
চট্টগ্রামে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা (৬ সেঞ্চুরি) মোহাম্মদ আশরাফুলকে ছুঁয়ে ফেলেছিলেন তিনি। তামিমের টেস্ট সেঞ্চুরিও এখন ছয়টি।
শনিবার আশরাফুলকে ছাড়িয়েও গেলেন বাংলাদেশ ওপেনার। তবে সেঞ্চুরিতে নয়। বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রানের তালিকার দুই নম্বরে উঠে গেছেন দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করা তামিম ইকবাল। ৩০২৬ রান নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
তামিমের উত্থানে দ্বিতীয় আসন থেকে তিন নম্বরে নেমে এসেছেন আরেক সাবেক অধিনায়ক আশরাফুল। তার মোট রান ৩৭৩৭ (৬ সেঞ্চুরি, ৮ হাফ সেঞ্চুরি)।
জেডআই





