বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য বীরোচিত সংবর্ধনা পেল আলজেরিয়ার ফুটবলাররা। দেশের মাটিতে ফিরে যাওয়ার পর তাদেরকে স্বাগত জানাতে দেশটির প্রধানমন্ত্রী আবদেল মালেক সেল্লাহ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আলজেরিয়া এই বিশ্বকাপে দেশের ফুটবলের নতুন ইতিহাস লিখেছে। গড়েছে নানান রেকর্ড। বিশ্বকাপে ৩২ বছর ধরে জয়খরায় ভুগেছিল আরব দেশটি। এবার ব্রাজিলের মাটিতে সেই খরা ঘুচিয়েছে তারা।
শুধু জয় পেয়েই ইতিহাসের ইতি টানেনি ডেজার্ট ফক্সরা। প্রথমবারের মতো নক আউট পর্ব নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়েও দুর্দান্ত ছিল দলটি। খেলোয়াড়রা রোজা রেখেও অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। শিরোপার অন্যতম দাবিদার জার্মানিকে ভয় পাইয়ে দিয়েছিল। অবশেষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করে ২-১ গোলে হেরে যায় আফ্রিকান দেশটি।
তবে তাদের পারফরম্যান্সে খুশি দেশের সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ তারা। আলজেরিয়া ফুটবল দল বিমানবন্দর থেকে নামার পর দলটির কোচ ভাহিদ হালিহোদজিচকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী আবদেল মালেক।
"আল্লাহু আকবর, হালিলহোদজিচ।" বলে আলজেরিয়ার সমর্থকরা বিমান বন্দরে জড়ো হয়ে উল্লাস করছিল।
সবুজ ও সাদা রংয়ের একটি বাসে লাল রং দিয়ে প্রত্যেক খেলোয়াড়ের নাম লেখা ছিল। এই তিনটি রং দেশটির জাতীয় পতাকার রং। এই বাসে করে আলজেরিয়ার রাজধানীতে ফুটবলারদেরকে ঘুরে বেড়ানো হয়েছে।
"ধন্যবাদ বীর" নামের দেশের সরকারি টেলিভিশনে একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার করেছে।





