সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে আজ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্ভাবনা দেখা দিয়েছে লিড নেয়ার।
গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী ইংল্যান্ড। বাংলাদেশ দলের অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজের বোলিং ম্যাজিকে বেশিদূর এগুতে পারেনি ইংল্যান্ড। ২৯৩ রানেই সমাপ্তি ঘটে তাদের ইনিংসের। মিরাজের ৬ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট পান সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন মইন আলি। এছাড়া একটি হাফ সেঞ্চুরি (৫২) আছে বেয়ারস্ট্রর।
ইংল্যান্ডের দেয়া টার্গেটে পৌঁছতে আজ খেলতে নেমে ২৯ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এক ওভারেই উইকেট দু’টি তুলে নেন মইন আলি। এরপর ওপেনিংয়ে খেলতে নামা তামিম ইকবালের সাথে জুটি বেঁধে হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু মাহমুদউল্লাহ ৩৮ রান করে ফিরে গেলেও তামিম অনেকখানি এগিয়ে গিয়েছিলেন শতকের পথে। তবে শেষ পর্যন্ত ৭৮ রানেই গ্যারেথ ব্যাটির বলে থামতে হয় তাকে।
এরপর জুটি হিসেবে দাঁড়ান মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জুটি করে ৫৮ রান।
মুশফিক মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন স্টোকসের বলে। রানে মুশফিকের পতনের পর সাকিবের সঙ্গী হন শফিউল ইসলাম। সাকিব অপরাজিত আছেন ২১ রানে আর শফিউল শেষ পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২২১। লক্ষ্যে পৌঁছতে প্রয়োজন আর মাত্র ৭২ রান। হাতে রয়েছে আরো ৫টি উইকেট। তাই বিশেষ কোনো দুর্যোগ না আসলে বাংলাদেশের লিড নেয়ার সম্ভাবনাই বেশি।
এআই





