চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষ ইংলিশ লিগের অন্যতম সেরা দল চেলসি। সেই মহারণের আগে শুক্রবার আরেকটি লড়াইয়ে মাঠে নেমেছিল তারা। লিগ ওয়ান কাপের এই ম্যাচে জয়ও পেয়েছে দলটি। কিন্তু গোল করতে পারেননি দলের কোনো তারকা। প্রতিপক্ষ ওজিসি নিসের ডিফেন্ডার টিমোথির আত্মঘাতী গোলে ১-০ তে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
অ্যলিয়ান্জ রিভেরায় সফরকারী দল হিসেবে খেলতে নামে পিএসজি। তবুও তাদের কাছে কম প্রত্যাশা ছিল না। বিশেষ করে চেলসির বিপক্ষে মাঠে নামার আগে নিসের বিপক্ষে ঝলক দেখানোই কাম্য ছিল সবার। কিন্তু সেই প্রত্যাশার জায়গাটি পূরণ করতে পারেননি ইব্রাহিমোভিচরা। উল্টো খেলার ১০ মিনিটে তাদের জালে বল জড়িয়ে দেয় স্বাগতিকরা। দুর্ভাগ্য মিডফিল্ডার বোডমারের জন্য। কারণ অফ সাইডের দায়ে তার গোলটি বাতিল করে দেন সহকারী রেফারি।
গত সপ্তাহে থুতুনিতে চোট পান ডিফেন্ডার থিয়াগো সিলভা। তা সত্ত্বেও ম্যাচটিতে পূর্ণ ৯০ মিনিট মাঠে ছিলেন এই ব্রাজিলিয়ান। সুবাদে গোল হজম করতে হয়নি পিএসজির। সেই সঙ্গে গোল করার বেশ কয়েকটি সুযোগও পায় তারা। কিন্তু একবারও নিসের জালে বল জড়াতে পারেনি কোচ লরেন্ট ব্যান্সের শিষ্যরা।
ইব্রারা গোল করতে না পারলেও তাদের গোল উপহার দেন টিমোথি কোলোজেইজেক। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে আত্মঘাতী গোল করেন স্বাগতিক ডিফেন্ডার। অবশ্য গোলটির কৃতিত্বের দাবিদার হতে পারেন পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি। গোলপোস্টের সামনে বল পান টিমোথি। তার সঙ্গে ছায়ার মতো লেগেছিলেন কাভানি। ফলে গোলটি বিপদমুক্ত করতে গিয়ে পারলেন না। উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন টিমোথি।
এই জয়ের ফলে লিগে টানা ৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল পিএসজি। ফলে মোনোকোর চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে ফরাসি লিগের শীর্ষে আছে তারা। ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।
ভাগ্যের জোরে এই ম্যাচে জয় পেলেও পিএসজির লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। চেলসির বিপক্ষে জয় পেলে ১৯৯৫ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার সুযোগ পাবে তারা।