ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি আশা প্রকাশ করে বলেছিলেন, চলতি সিরিজে ভারতকে জয়হীন রাখবেন তারা। কিন্তু শুক্রবার টেস্টের প্রথম দিনে দেখা গেল উল্টো ফল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ইশান্ত শর্মা এবং মোহাম্মদ সামির বোলিং ঝড়ে উড়ে গেছে কিউইরা। ব্যাটের পর বল হাতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে সাউদিরা। ১৯২ রানে প্রথম ইনিংস শেষ হওয়া নিউজিল্যান্ড দিন শেষে মাত্র ৯২ রানে এগিয়ে আছে।
শুক্রবার যেন ভাগ্যটা ভারতের উপর প্রসন্ন হলো। খেলা শুরুর আগে টসে জয় পায় সফরকারীরা। হারের হাত থেকে দলকে রক্ষা করার লক্ষ্যে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন সফরকারী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ধোনির সিদ্ধান্তটা যে দলের জন্য ভালো ছিল, তার প্রমাণ এনে দিয়েছেন এশিয়া কাপের দল থেকে বাদ পড়া ভারতীয় পেসার ইশান্ত শর্মা। মাত্র ২৩ রানে কিউইদের প্রথম উইকেট শিকারের পর দলীয় ২৬ রানে আরো দুটি উইকেট শিকার করেন এই পেসার। হামিশ রাথারফোর্ড (১২) ও পিটার ফুলটনের পর মাঠ থেকে বিদায় নেন টম লাথাম (০)।
দলীয় ৪৫ রানে উইকেট শিকারের দলে যোগ দেন মোহাম্মদ সামি। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে (৮) আউট করে দেন তিনি। ফের ইশান্তর বলে কোরি অ্যান্ডারসন ও ওয়াটলিং আউট হলে মাত্র ৮৬ রানেই ছয় উইকেট হারায় নিউজিল্যান্ড।
তবে ওয়ানডাউনে নামা কেন উইলিয়ামসনের সঙ্গে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টায় যোগ দেন নীশাম। দলীয় ১৩৩ রানে মোহাম্মদ সামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান উইলিয়ামসন। ফলে ব্লাক ক্যাপ্সদের সব আশা শেষ হয়ে যায় এখানে। মাঠ ছাড়ার আগে ১০০ বলে ৪৭ রান করেছেন উইলিয়ামসন। দলের পক্ষে এটিই সর্বোচ্চ স্কোর। এছাড়া নীশাম ৩৩ ও টিম সাউদি ৩২ রান করে আউট হন। ১৯২ রানেই স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে যায়।
ভারতের বোলার ইশান্ত ১৭ ওভারে ৫১ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন। আর ১৬.৫ ওভারে ৭০ রানের বিনিময় চারটি উইকেট নেন মোহাম্মদ সামি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় ২ রানে হুঙ্কার ছাড়া সাউদির বলে ওয়াটলিংয়ের তালুবন্দী হন মুরালি বিজয়। তবে ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে মাঠ থেকে বিদায় নেন ওয়ানডাউনে নামা চেতেশ্বর পুজারা (১৯)।
হার না মানা ৭১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন ধাওয়ান। তার সঙ্গে ৩ রান নিয়ে অপরাজিত আছেন ইশান্ত শর্মা। দ্বিতীয় দিনে দলীয় ১০০ রানের সঙ্গে আট উইকেট নিয়ে খেলা শুরু করবেন তারা।