ক’দিন আগে বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার এক সময়ের অন্যতম অলরাউন্ডার ওয়াসিম আকরাম। ভারতের এ ক্রিকেটারকে বর্তমান সময়ের সেরা ব্যাটম্যানের স্বীকৃতি দেন তিনি।

এবার বিরাট কোহলিও আকরামের প্রশংসায় পঞ্চমুখ। বর্তমান সময়ে কোহলিকে অসুবিধায় ফেলা বোলার খুব কমই আছে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বিপক্ষেই যা একটু ঝামেলায় পড়েন তিনি।

তবে যে বোলারকে কোহলি সবচেয়ে বেশি ভয় পান এবার তার নাম প্রকাশ করলেন তিনি। এ বোলারের বিপক্ষে যদিও তার খেলার সুযোগ হয়নি তবুও তার বোলিংয়ে আতকে উঠতেন কোহলি। তিনি আর কেউ নন, তিনি হলেন, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম।

পাকিস্তানের এ বাঁহাতি কিংবদন্তির বিপক্ষে খেলার সুযোগ হয়নি কোহলির। কিন্তু ছোটবেলায় টেলিভেশেনে এবং এখন ইউটিউবে তার বোলিং দেখে বুক কেঁপে ওঠে তার।

সম্প্রতি সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘যে বোলারকে আমি সবচেয়ে ভয় পাই কিংবা তার বিপক্ষে খেললে ভয় পেতাম- তিনি হলেন ওয়াসিম আকরাম। দ্রুতগতির বলে কী কৌশলী বোলারই না ছিলেন।’

এছাড়াও মাঠের বাইরে পাকিস্তান-ভারতের সমর্থকদের মধ্যে যতোই উত্তেজনা থাকুক না কেন, খেলোয়াড়দের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে বলে জানালেন তিনি।

কোহলি বলেন, ‘অন্য দলের খেলোয়াড়দের ড্রেসিং রুমের অবস্থা কী থাকে জানি না। তবে ভারতের খেলোয়াড়রা পাকিস্তানী খেলোয়াড়দের সঙ্গে অনেক কথা বলে। আমরা দুই দলের খেলোয়াড়রা তো অনেক মজা করি। দুই দেশের খেলোয়াড়ের ভাষা প্রায় একই। এতে একে অন্যের প্রতি সম্মানবোধটা ভালোভাবে দেখাতে পারি।’

এমআইএস