সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

সোমবার কাঠমাণ্ডুর এএফএনএ কমপ্লেক্সে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। এর ফলে গ্রুপে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে কোচ সাইফুল বারীর শিষ্যরা।

ম্যাচের শুরুতে নেপালকে চাপে রাখে বাংলাদেশ। আর সেই সুবাদে খেলার ১১ মিনিটে রোহিত সরকারের ডান পায়ের শটে এগিয়েও যায় তারা।

তবে সফরকারীদের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় নেপাল। আর সেখান থেকে গোল করতে ভুল করেননি অঞ্জন বিস্তার।

চার মিনিট পরই এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু ইব্রাহিমের শট প্রতিপক্ষের পোস্টে লেগে প্রতিহত হয়। ৩০তম মিনিটে বাংলাদেশের ইব্রাহিমের আরেকটি শট সোজা প্রতিপক্ষের গোলরক্ষকের গ্লাভসে জমে যায়।

দ্বিতীয়ার্ধের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে শেষ হলেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় ৯০ মিনিটের লড়াই।

অবশেষে অতিরিক্ত খেলায় বক্সের বাইরে থেকে নেওয়া নেপালের একটি ফ্রি-কিক বাংলাদেশের এক ফুটবলার হেড দিয়ে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন। কিন্তু বল সামনে থাকা টুটুলের পায়ে লেগে জালে জড়ায়। আত্মঘাতী এই গোলের ফলে ২-১ গোলে হেরে যায় লাল-সজুব বাহিনী।

জেডআই