চট্টগ্রামে অভিষেকেই আলো ছড়িয়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার দুর্দান্ত বোলিংয়ে সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এর মাধ্যমে মিরাজ জায়গা করে নিয়েছেন অভিষেক টেস্টেই প্রতিপক্ষের আতঙ্ক হয়ে দেখা দেয়া বোলারদের তালিকায়। অভিষেক টেস্টে ৫ উইকেট নেয়া বোলারদের মধ্যে সপ্তম বাংলাদেশী মিরাজ। টেস্ট ইতিহাসে এই তালিকার ১৪৬ তম ক্রিকেটার বাংলাদেশের এই তরুণ। 

টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড যৌথভাবে ভারতীয় লেগস্পিনার নরেন্দ্র হিরানি ও অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার রবার্ট ম্যাস্ই’র। টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচে দুজনেই নিয়েছেন ১৬টি করে উইকেট। অবশ্য রান কম দেয়ায় রেকর্ড তালিকায় নরেন্দ্র হিরনির নামটিই শীর্ষে।

(ভারতীয় লেগ স্পিনার নরেন্দ্র হিরারি)

১৯৭২ সালের জুনে লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৭ রান খরচায় দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেট নেন ম্যাস্ই। আর এর ১৬ বছর পর (১৯৮৮ সালে) মাত্র এক রান কম খরচ করে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬ উইকেট নেন হিরানি। একটি জায়গায় মিল আছে এই দুই বোলারের- দুজনেই উভয় ইনিংসে সমান ৮টি করে উইকেট নিয়েছেন। 

টেস্ট আঙিনায় পদার্পণের ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন মোট ১৫ জন ক্রিকেটার। এদের মধ্যে ইংল্যান্ডের ৬ জন, অস্ট্রেলিয়ার ৩ জন, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ২ জন করে এবং ভারত ও পাকিস্তানের ১ জন করে। এছাড়া অভিষেকে ৯টি করে উইকেট নেয়ার কৃতিত্ব আছে ১৬ জন বোলারের। 

আর অভিষেক টেস্টের এক ইনিংসে সেরা বোলিং কৃতিত্ব(৮ উইকেট) যৌথভাবে আছে ৬ জনের(৮ বার)। তাদের মধ্যে হিরানি ও ম্যাসই(২ বার করে) ছাড়াও আছেন অস্ট্রেলিয়ার ৩ জন ও দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের একজন করে। সবচেয়ে কম রান দেয়ায় রেকর্ড তালিকায় সবার ওপরের নামটি অস্ট্রেলিয়ার অ্যালবার্ট ট্রটের। ১৯৯৫ সালের জানুয়ারিতে অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৮ উইকেট নেন ট্রট। 

টেস্ট ইতিহাসেএখন পর্যন্ত ১৪৬ বার অভিষেক টেস্টে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন বিভিন্ন দেশের বোলাররা। তাদের সবচেয়ে বেশি ৪৬ বার এই কীর্তি ইংলিশ বোলারদের। এরপরেই অস্ট্রেলিয়া ৩৩ বার, দক্ষিণ আফ্রিকা ২২ বার, পাকিস্তান ১০ বার, ওয়েস্ট ইন্ডিজ ৯ বার, ভারত ৮ বার, বাংলাদেশ ও নিউজিল্যান্ড ৭ বার, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ২ বার।

অভিষেক টেস্টের উভয় ইনিংসে পৃথকভাবে ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন মোট ৯ জন বোলার।

বাংলাদেশী বোলারদের মধ্যে প্রথম অভিষেকে ৫ উইকেট নেন অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ১৩২ রানে ৬ উইকেট নেন নাইমুর। এরপর একে একে মো: মঞ্জুরুল ইসলাম(৬), মাহমুদুল্লাহ রিয়াদ(৫), ইলিয়াস সানী(৬), সোহাগ গাজী(৬), তাইজুল ইসলাম(৫)।

তবে অভিষেক টেস্টের দুই ইনিংসে সবচেয়ে বেশি উইকেট মাহমুদুল্লাহর ৮ টি, ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মেহেদী হাসান মিরাজ এদের কাউকে ছাড়িয়ে যেতে পারেন কি না সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই টেস্ট শেষ হওয়া পর্যন্ত। সে পর্যন্ত তার জন্য শুভ কামনা।

এমবি