দক্ষিণ কোরিয়ার ক্লাব বুসান আইপার্কের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরুর পাঁচ মিনিটে দুটি গোল হজম করে শেখ জামাল। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও বুসানের জালে একবারও বল জড়াতে পারেনি মারুফুল হকের শিষ্যরা।

এদিন প্রায় ১৫ হাজার দর্শক টিকিট কিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামালের খেলা দেখতে এসেছিলেন। কিন্তু খেলার শুরুর মিনিটেই দর্শকদেরকে হতাশ করেছে ভুটানের কিংস কাপের শিরোপা জয়ীরা।

কিক অফের ৪৪ সেকেন্ডেই জামালের জালে বল পাঠাতে সক্ষম হয় বুসান আইপার্ক। শেখ জামালের মিডফিল্ডার জামাল ভুঁইয়ার ভুল পাসে বল চলে যায় প্রতিপক্ষ খেলোয়াড়দের পায়ে। জামালের রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফাঁকা পোস্টে খুব সহজেই জালে বল পাঠিয়ে দেন বুসানের মিডফিল্ডার কিমজিংয়ো (১-০)।

শুরুর ধাক্কাটি সামলে উঠতে পারার আগে আরো এক গোল হজম করতে হয় বাংলাদেশের শীর্ষ ক্লাবটিকে। ৫ মিনিটে মধ্যমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড ইয়ন ডংমিন (২-০)।

এরপর বুসান আর কোনো গোলের দেখা পায়নি। তবে তাদের জালেও শেখ জামাল বল জড়াতে পারেনি। আশা জাগানোর মতো কয়েকটি সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেননি মামুনুলরা। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

জেডআই