ফুটবল পায়ে আবারও মাঠে দৌড়াবেন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা ও জিনেদিন জিদান। শান্তির মিশনে সোমবার রাতে তারা মাঠে নামছেন।
শুধু এই দুই ফুটবলারই নয়, শান্তির এই ফুটবল ম্যাচে খেলার কথা রবার্তো ব্যাজিওর মতো সাবেক তারকা ফুটবলারের পাশাপাশি লিওনেল মেসি, নেইমারদের মতো বর্তমান বিশ্বসেরা ফুটবলারদেরও।
যদিও রোববার রাতে ইনজুরিতে পড়ায় আর্জেন্টাইন সুপারস্টার মেসির এই ম্যাচ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে সোমবার রাতে সাবেক ও বর্তমান মিলিয়ে এক ঝাঁক তারকা ফুটবলারের মেলা বসবে রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
উল্লেখ্য, গাজাকে কেন্দ্র করে ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যে যে সহিংসতার ঘটনা জন্ম নিয়েছে সাম্প্রতিক সময়ে তা ব্যথিত করেছে খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসকে।
তাই এ অঞ্চলে শান্তি স্থাপনের মানসে এক প্রীতি ফুটবল ম্যাচের পরিকল্পনা করেছেন পোপ। সঙ্গে অসহায় ও দুস্থ শিশুদেরও সাহায্য করতে চান তিনি। এরই অংশ হিসেবে মাঠে গড়াচ্ছে সোমবার রাতের ‘ফুটবল ফর পিস’ ম্যাচটি।
এই ম্যাচে ধর্ম-বর্ণ নির্বেশেষে বিভিন্ন দেশ, জাতি ও সংস্কৃতি থেকে ওঠে আসা ৫০ তারকা ফুটবলারের অংশ নেয়ার কথা।
ম্যাচটির সফল আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতিতে কাজ করেছে আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার জাভিয়ের জেনেত্তির পুপি ফাউন্ডেশন।
বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





