প্রথম দিনের হারের ধকল কাটিয়ে উঠতে দ্বিতীয় দিনের ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম থেকেই ছিল মারমুখি অবস্থানে। শেষ ওভারে তাসকিনের হ্যাট্রিকে লঙ্কানরা সব উইকেট হারালেও তুলে নেয় ৩১১ রানের বিশাল স্কোর। সিরিজ জিততে টাইগারদের এখন গড়তে হবে ৩১২ রানের পাহাড়।
এর আগে মঙ্গলবার ডাম্বুলার আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জয়লাভ করেন লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওপেনার দানুস্কা গুনাথিলাকা ৯ রান করে মাশরাফির বলে মুশফিকের হাতে ধরা পড়েন।
কিন্তু এরপরই ঘুরে দাড়ায় স্বাগতিকরা। কুশাল মেন্ডিস এবং উপল থারাঙ্গা ১১১ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মোস্তাফিজুর রহমানের করা একটি বল নো ঘোষণা করেন লেগ আম্পায়ার। বিমার থাকায় উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিম বলটি ধরতে ব্যর্থ হন।
মুশফিকের হাতে লেগে বলটি চলে যায় রিয়াদের কাছে। রান নিতে দৌড় দেন থারাঙ্গা। রিয়াদের থ্রোতে বলটি সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানে। রান আউট হয়ে যান থারাঙ্গা। লংকান অধিনায়ক করেন ৬৫ রান।
থারাঙ্গা ফিরে গেলেও নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। মেন্ডিসের সেঞ্চুরির পর নিজের প্রথম শিকার তুলে নেন মোস্তাফিজ। দিনেশ চান্দিমালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।
এদিকে, চান্দিমাল ২৪ রান করেন। পরের ওভারেই কুশাল মেন্ডিসকে ফেরান তাসিকন আহমেদ। নিজের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন এ ডানহাতি পেসার। মেন্ডিস ১০২ রান করেন।
এরপর মিলিন্দা শ্রীবর্ধনে ব্যক্তিগত ২৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন। পরের ওভারেই থিসারা পেরেরাকে রান আউট করেন মুশফিকুর রহিম। ৯ রান করে দিলরুয়ান পেরেরাও মুশফিকের হাতে রান আউটের শিকার হন।
ইনিংসের শেষ ওভারে এসে তৃতীয়, চতুর্থ ও ৫ম বলে পর পর আসেলে গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল এবং নুয়ান প্রদীপকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তাসকিন।
প্রসঙ্গত, গত শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ
দানুস্কা গুনাথিলাকা, উপল থারাঙ্গা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা শ্রীবর্ধনে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ ও নুয়ান কুলাসেকারা।
কেবি





