কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে চিলির সামনে পাত্তাই পেল না মেক্সিকো। মেক্সিকানদের ৭-০ গোলের বন্যায় ভাসিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
চিলির সাত গোলের চারটিই করেছেন এডু ভারগাস। এডসন পুঁচ করেছেন জোড়া গোল। অপর গোলটি আলেক্সিস সানচেজের।
শতবার্ষিকী কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলবে চিলি। শেষ চারের অপর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। চিলির ম্যাচের আগে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে উড়িয়ে সেমিতে ওঠে মেসির দল।
ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচের ১৬ মিনিটেই পুঁচের গোলে এগিয়ে যায় চিলি। বিরতির আগে সানচেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভারগাস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল-উৎসবে মাতে চিলি। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ভারগাস। ৪৯ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন সানচেজ।
দুই মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন ভারগাস। ৭৪ মিনিটে ম্যাচে নিজের চতুর্থ গোলের দেখা পেয়ে যান এই মিডফিল্ডার।
আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে পুঁচে পূরণ করেন নিজের দ্বিতীয় গোল। ৭-০ গোলের বিশাল জয়ে সেমিতে উঠে যায় চিলি।
এফএফ





