লা লিগায় চলতি মৌসুমটা দুর্দান্ত শুরু করেও শিরোপা জয়ের দৌঁড়ে এগিয়ে নেই তারা। সমান তালে লড়াই করা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়াল মাদ্রিদও পিছু ছাড়ছে না। পয়েন্ট টেবিলে কয়েকবার শীর্ষস্থান হারানোর পর ফিরে পেয়েছে বার্সেলোনা। তবে এবার শীর্ষস্থানটি দীর্ঘ দিনের জন্য হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ শনিবার ঘরের মাঠে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার কাছে ৩-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
স্প্যানিশ লিগে শেষ চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া বার্সার ২২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট। অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও তা-ই, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। অ্যাটলেটিকোর সমান ২১ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।
অ্যাটলেটিকো ও রিয়ালের সামনে এখন রেকর্ড টানা ৫৯ ম্যাচ লিগের শীর্ষে থাকা বার্সাকে পেছনে ফেলার সুযোগ। সেজন্য রোববার আথলেটিক বিলবাওয়ের মাঠে জয় চাই রিয়ালের। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে অবশ্য ড্র করলেই চলবে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদের।
ন্যু ক্যাম্পে ষষ্ঠ মিনিটে আলেক্সিস সানচেসের গোলে এগিয়ে যাওয়া বার্সা জয়ের স্বপ্নই দেখছিল। তখন কে ভেবেছিল, তাদের সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে, ঘরের মাঠে টানা ২৫ ম্যাচ জয়ের গৌরব শেষ হবে পরাজয়ে।
৪৩ মিনিটে দানিয়েল পারেহো এবং ৪৮ মিনিটে পাবলো পিয়াত্তির লক্ষ্যভেদ ২-১ গোলে এগিয়ে দেয় ভ্যালেন্সিয়াকে।
৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা নিয়ে আসেন লিওনেল মেসি। কিন্তু পাঁচ মিনিট পর ফ্রানসিস্কো আলকাসার আবার এগিয়ে দেন অতিথিদের।
সেই গোল আর শোধ হয়নি বরং ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে গিয়ে বার্সাকে আরো লজ্জায় ফেলে দেন জর্দি আলবা।
শেষ মুহূর্তে মেসি অবশ্য দলকে হারের লজ্জা থেকে বাঁচানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভ্যালেন্সিয়ার একাধিক ডিফেন্ডারকে কাটালেও তার শট চলে যায় দূরের পোস্ট ঘেঁষে।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ//জেডআই[/b]
খেলা
ভ্যালেন্সিয়ার কাছে হারল বার্সেলোনা
শনিবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ৩-২ গোলে হেরে যায় বার্সা। ফলে দলটির এখন শীর্ষস্থান হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। স্প্যানিশ লিগে শেষ চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া বার্সার ২২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও তা-ই, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা





