চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী ইংল্যান্ড। টাইগারদের হয়ে বোলিং শুরু করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে বিনা ইউকেটে ইংলিশদের সংগ্রহ ৪৯ রান।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী এই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে টাইগাররা।

আজ বৃষ্টির কারণে ম্যাচটির টস নির্ধারিত সময়ের কিছু পরে অনুষ্ঠিত হয়। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জেতে ইংল্যান্ড। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ দলপতি জস বাটলার।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর আভাস দেন টাইগারদের দুই সেরা ওপেনার ১৫৯তম ওয়ানডে খেলতে নামা তামিম এবং ৬২তম ওয়ানডে খেলতে নামা ইমরুল। ইনিংসের শুরু থেকে বেশ সতর্ক হয়েই ব্যাট চালান এই দুই ব্যাটসম্যান। পাওয়ার প্লে’র ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ৪২ রান।

তবে, দারুণ শুরুর পরও ইনিংসের ১৯তম ওভারে বেন স্টোকসের বলে স্কয়ার লেগে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ৫৮ বলে ৪৬ রান করা ইমরুল। তার ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কা। দলীয় ৮০ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। ওপেনার ইমরুলের পর বিদায় নেন তামিম ইকবাল। ইনিংসের ২৩তম ওভারে ব্যক্তিগত ৪৫ রান করে আদিল রশিদের শিকার হন তামিম। তার ৬৮ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার।

দলীয় ১২২ রানের মাথায় বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। আদিল রশিদের করা ২৫তম ওভারে বেয়ারস্টোর হাতে ধরা পড়েন ৭ বলে ৬ রান করা রিয়াদ।

এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন সাব্বির রহমান (৪৯)। ৩৩তম ওভারে অাদিল রশিদের বলে জস বাটলারের গ্লাভসবন্দি হন তিনি। তার আগে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন এ ‘মারকুটে’ ব্যাটসম্যান। সাব্বিরের বিদায়ে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

ইনিংসের ৩৬তম ওভারে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন সাকিব। ব্যক্তিগত ৪ রান করে মঈন আলীর বলে বিদায় নেন সাকিব। দলীয় ১৮৪ রানের মাথায় টাইগারদের পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর ইনিংসের ৩৯তম ওভারে আদিল রশিদের করা প্রথম বলে বিদায় নেন ৪ রান করা নাসির হোসেন। মিড উইকেটে ভিঞ্চের হাতে সহজ ক্যাচ তুলে দেন নাসির।

এরপর জুটি গড়েন মুশফিক আর মোসাদ্দেক। এই জুটি থেকে আসে ৮৫ রান। ইনিংসের ৪৭তম ওভারে ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক স্পর্শ করেন রান মেশিন খ্যাত মুশফিক। টাইগার এই ব্যাটসম্যান ৬৭ রান করে অপরাজিত থাকেন। মুশফিক তার ৬২ বলের ইনিংস সাজিয়েছেন চারটি চার আর একটি ছক্কায়। মোসাদ্দেক ৩৯ বলে চারটি চারের সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন।

জারিফ