ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ দুটি স্থানে আছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। আর নিজেদের মধ্যকার লড়াইয়ে সমানে সমান থাকল দল দুটি। শনিবার মুখোমুখি লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছে তারা।
এই ম্যাচে ড্র করলেও পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে চেলসি। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট অর্জন করেছে কোচ হোসে মরিনহোর শিষ্যরা। আর সমান ম্যাচে ৫ পয়েন্ট কমে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৩।
এদিন স্টামফোর্ড ব্রিজে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। তাই গোলের দেখা পেতেও বেশ দেরী হয়। অবশেষে খেলার ৪১ মিনিটে চেলসিকে লিড এনে দেন রিমি।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পূর্ণ হয়নি স্বাগতিকদের। কারণ বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে গোলটি শোধ করে দেন ম্যানচেস্টার সিটির ডেভিড সিলভা।
বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু কেউ গোলের দেখা পায়নি। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
জেডআই





