হঠাৎই ধর্মঘটের ডাক দেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটাররা। বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামেন তাঁরা। আর এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলবেন না বলেও ঘোষণা দেন ক্রিকেটাররা।
ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বিপিএলে দেশি খেলোয়াড়দের পারিশ্রমিক বৃদ্ধি, জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ ফি বৃদ্ধি, দৈনিক ও ভ্রমণ-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে এই আন্দোলনের ডাক দেন তাঁরা।
এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘এই দাবি নিয়ে ক্রিকেটাররা কখনোই কাউকে কিছু বললেনি। কিছু না বলেই তারা আন্দোলনের ডাক দিয়েছে। এতে আমরা খুবই আশ্চর্য হয়েছি। এর জন্য তারা খেলা বন্ধ করে দিতে পারে না।’
ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে নিজেদের মতামত জানাতে গিয়ে পাপন বলেন, 'আমি বিশ্বাস করতে পারছি না। আমাদের ক্রিকেটাররা এমন কিছু করতে পারে ভাবতেই পারছি না।
তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক গভীর। সবাই সব সমস্যার সমাধানে আমার কাছে আসে। আমি যথাসাধ্য সমাধান করার চেষ্টা করি। কিন্তু এবার ওরা আমাকে কিছুই জানায়নি। আমি ওদের দাবিগুলো বুঝতে পারছি না।'
বিসিবি প্রধান আরও বলেন, 'ওরা দাবির কথা আমাদের না বলে মিডিয়াতে বলল। সারা বিশ্বে ছড়িয়ে গেল। আইসিসি, এসিসি সবাই আমাকে ফোন করছে। ওরা (ক্রিকেটাররা) প্রথমে প্রেস কনফারেন্স করল। দাবি তুলে ধরল।
আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এটা করল ওরা। এমন এক সময়ে, যখন কিনা জাতীয় দলের ভারত সফর সামনে। ক্রিকেটের উন্নয়নের জন্য বলছে কিন্তু ওরা আমাদের কাছে আসে নাই।
ওরা আমাদের ফোনও ধরে না। এগুলো সব পূর্বপরিকল্পিত। ওরা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে।'





