চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখল করেছিল আর্সেনাল। পয়েন্ট হারাতে হারাতে এখন চতুর্থ স্থানে নেমে গেছে দলটি। রোববার রাতে পঞ্চম স্থানে থাকা এভারটনের বিপক্ষেও হেরেছে ৩-০ গোলে। লিগ শিরোপা তো দূরের কথা চতুর্থ স্থানে থাকা নিয়েও সন্দেহে আছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার হাল ছেড়ে দিচ্ছেন তিনি।
টানা ১‌৬ মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে খেলার রেকর্ড গড়েছে আর্সেনাল। ১৯৯৮-৯৯ মৌসুম থেকে এখন পর্যন্ত একবারও বাদ পড়েনি তারা। কিন্তু সেই ধারাবাহিকতা ভেঙ্গে যাওয়ার শঙ্কায় রয়েছে ওয়েঙ্গার। আর্সেনালের চেয়ে বেশি বার চ্যাম্পিয়ন্স লিগে টানা অংশগ্রহণ করার রেকর্ড রয়েছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে টানা ১৭ বার ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ে অংশগ্রহণ করেছে মাদ্রিদ। এর আগের মৌসুম থেকে এখন পর্যন্ত মোট ১৮ বার অংশগ্রহণ করার রেকর্ড গড়েছে ম্যানইউ।
গত ম্যাচে হারের পর প্রিমিয়ার লিগে আর্সেনাল ও এভারটনের পয়েন্ট ব্যবধান মাত্র ১। ফলে টফিদের সামনে সুযোগ থাকছে ওয়েঙ্গারের শিষ্যদেরকে ছাড়িয়ে যাবার। তাই আগের অভিজ্ঞতা থেকে আর্সেনালের কোচ মনে করছেন, তার দলের খেলোয়াড়রা চতুর্থ স্থানটিও ধরে রাখতে পারবে না এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না।
প্রিমিয়ার লিগে দীর্ঘদিন ধরে কোচের দায়িত্ব পালনকারী এই ফরাসি কোচ বলেছেন, 'লড়াইটা সবার জন্যই উন্মুক্ত। এটা শুধু আমাদের উপর নির্ভর করছে না। এভারটন শক্ত অবস্থানে আছে। আমরা তাদের মুখোমুখি হয়েছি আর এই জবাব দিয়েছি।'
তবে নিজের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করে ওয়েঙ্গার বলেছেন, 'সেরা চারের মধ্যে থাকার জন্য আমি শতভাগ লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এটা খুবই কঠিন হবে।'
অনেক হতাশার বাণী শুনানোর পর সম্ভবনার কথাও বলেছেন তিনি, 'আমাদের সামনে অনেক ম্যাচ রয়েছে, যেখানে যেতা সম্ভব। কিন্তু কথা বলার আগে আমাদের অবশ্যই পারফরম্যান্সের উপর নজর দিতে হবে।'
আগের ম্যাচের পার‌ফরম্যান্সের ত্রুটির দিক উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন, 'আমাদের পারফরম্যান্স না ছিল সন্তোষজনক, না আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক। এটা সতিই হতাশাজনক ফলাফল ও পারফরম্যান্স। এখন দুটি দল এক সঙ্গে যাব এবং এখন আমাদের আগের জায়গায় ফিরে যেতে হবে।'