বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজের শাস্তি কমাবে ক্রীড়া আদলত। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম এই তথ্য জানিয়েছে।
কামড়ে হ্যাটট্রিক করা সুয়ারেজ সর্বশেষ ইতালিয়ান ডিফেন্ডার গিওর্গিও চেইলিয়ানিকে কামড় দিয়েছিলেন। বিশ্বকাপে চেইলিয়ানিকে কামড়ানোর ফলে চার মাস ফুটবল সম্পর্কিত সব ধরনের কার্যক্রম ও নয়টি আন্তর্জাতিক ম্যাচ থেকে তাকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৮২ হাজার মার্কিন ডলার তাকে জরিমানাও করা হয়েছে। সুয়ারেজ এই শাস্তির বিপক্ষে আপিল করেছিল। কিন্তু ফিফা তা খারিজ করে দিয়েছে।
ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে ৮৮ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিয়েছেন সুয়ারেজ। ২০১৪-১৫ মৌসুম কাতালানদের হয়ে মাঠে নামবেন তিনি। তাই তার শাস্তি কমানোর জন্য ক্রীড়া আদলতে আবেদন করেছে ক্লাবটি।
গোল ডট কম জানিয়েছে, সুয়ারেজের চার মাসের নিষেধাজ্ঞা কমিয়ে দেয়া হবে-এমন কথা ক্রীড়া আদালতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যাপারে আগের সিদ্ধান্তই বহাল থাকবে।
সূত্রের বরাত দিয়ে ওয়েবসাইটটি লিখেছে, "সুয়ারেজের মামলাটি এখন ক্রীড়া আদালতে পৌঁছেছে। খুব সম্ভবত তার শাস্তি কমিয়ে দেয়া হবে। নিষেধাজ্ঞ থাকবে শুধু উরুগুয়ের জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে। বার্সায় খেলতে তার কোনো সমস্যা থাকবে না।"
ক্রীড়া আদালতের বিচারকরা মনে করেন, সুয়ারেজের ব্যাপারে ফিফার শাস্তিটা বেশি হয়ে গেছে।
শাস্তির ফলে সুয়ারেজ তার নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনও করতে পারছেন না। এমনকি বার্সার স্টেডিয়াম ন্যূ ক্যাম্পের মাঠেও নামা হচ্ছে না তার।
ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





