শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচের তৃতীয় দিনে দাপট দেখিয়েছে বোলাররা। দুই দলের মোট ১৫ জন ব্যাটসম্যানকে আউট করে দিয়েছে তারা।

রোববার টেস্টের তৃতীয় দিনে ৮ উইকেট নিয়ে খেলা শুরু করে ভারত। তাদের ইনিংস শেষ হলে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে অল আউট হয়ে যায়। কোহলিরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হারিয়েছে তিন উইকেট।

উইকেট পতনের দিন হলেও ম্যাচটিতে এগিয়ে আছে ভারত। এখন পর্যন্ত তারা ১৩২ রানের লিড নিয়েছে।

এদিন ২৯২ রানে খেলা শুরু করা ভারত প্রথম ইনিংসে মোট ৩১২ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে ব্যাট করতে নামা চেতেশ্বর পুজারা শেষ পর্যন্ত ১৪৫ রান নিয়ে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় মোট ২০১ রানে। ৪৮ রানে ছয় উইকেট হারানো লঙ্কানদেরকে শেষ পর্যন্ত এই স্কোর এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কৌসল পেরেরা ও রঙ্গনা হেরাথ। পেরেরা ৫৫ রান করতে পারলেও ৪৯ রানে আউট হন হেরাথ।

স্বাগতিকদের ইনিংস ধ্বসিয়ে দিতে বল হাতে ভয়ঙ্কর ছিলেন ভারতের ইশান্ত শর্মা। ১৫ ওভারে ৫৪ রান দিয়ে দুটি মেডেনসহ মোট পাঁচটি উইকেট শিকার করেন তিনি। বিন্নি ও মিশরা দুটি করে উইকেট নেন, আর বাকি উইকেটটি পান উমেশ যাদব।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে তিন উইকেটের বিনিময় ২১ রান সংগ্রহ করেছে ভারত। আগের ইনিংসে অপরাজিত থাকা পুজারা দলীয় রানের খাতা খোলার আগেই প্রাসাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান।

লোকেশ রাহুলকে বোল্ড করে দেয়ার পর রাহানেকে এলবডিব্লউর ফাঁদে ফেলেন প্রদীপ।

চতুর্থ দিনে কোহলি ১ রান ও রোহিত শর্মা ১৪ রান নিয়ে খেলা শুরু করবেন।

জেডআই