কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে প্যারাগুয়েকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন কাপ জেতার মন্ত্র নিয়ে ৫ জুলাই স্বাগতিক চিলির সঙ্গে ফাইনালে লড়ার অপেক্ষা।
কোপা আমেরিকার ৪৪তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে একে একে ছয় গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে গত আসরের রানার্সআপ প্যারাগুয়েকে। তবে নব্বই মিনিটের লড়াইয়ে গত বিশ্বকপ ফুটবলের রানার্সআপ আর্জেন্টিনোকেও একটি গোল হজম করতে হয়েছে।
ফলে ১৯৯৩ সালের পর থেকে দীর্ঘ অপেক্ষায় থাকা আর্জেন্টিনার সামনে আরেকবার শিরোপা জেতার সুযোগ এলো।
এর আগে প্রথম সেমিফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়ে আয়োজক চিলি ফাইনাল খেলার টিকেট নিশ্চিত করে।
দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধেই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামা প্যারাগুয়ের জালে পেরেক বসান মার্কোস রোহো এবং পাস্তোরে। তবে দুই গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনার সঙ্গে ব্যবধান কমান প্যারাগুয়ের লুকাস বারিওস। কিন্তু বিরতি শেষে মাঠে নেমেই খেলা নিজেদের দখলে নিতে শুরু করে আর্জেন্টিনা। প্যারাগুয়ের জালে ডি মারিয়ার জোড়া আঘাত। এর পর এক গোল পাওয়া প্যারাগুয়ের ওপর ফের আঘাত হানেন আগুয়েরো ও হিগুয়েন। শেষমেস গোল পাওয়ার আশায় লড়ে ফল না বাড়াতে পারা প্যারাগুয়েকে ৬-১ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয়।
এএইচ





