দক্ষিণ কোরিয়ার ইনচেনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হকিতে প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে তারা। শনিবার ইনচনের সিনহাক হকি স্টেডিয়ামে জাপানের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে নাভিদ আলমের শিষ্যরা।
ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল লাল-সবুজ শিবির। কৃষ্ণার পুশে বল স্টপ করেছিলেন সারোয়ার। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ বাংলাদেশী অধিনায়ক মামুনুর রহমান চয়নের হিট দারুণ দক্ষতায় রুখে দেন জাপানী গোলরক্ষক কাতসুয়া তাকাসি।
পরের মিনিটেই কোই কুয়াকাওয়ার অসাধারণ দক্ষতায় এগিয়ে যায় জাপান। ডান দিক থেকে তার করা হিট রুখতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক অসিম গোপ। ১১ মিনিটে তোমোনোরি ওনোর রিভার্স সুইপে ব্যবধান দ্বিগুণ হয়।
প্রথম কোয়ার্টারে এই দুই গোলের পরে দ্বিতীয় কোয়ার্টার ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাতসুয়শি নাগাসাওয়া দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ৩৩ মিনিটে ব্যবধান আরো বাঁড়ান কেনতা তানাকা। এই মিডফিল্ডার ৪৩ ও ৪৮ মিনিটে আরো দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। মিনিটখানেক পরেই হিরোকি সাকামোতোর গোলে ব্লু সামুরাইরা ৭-০ ব্যবধানে এগিয়ে যায়। ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের পক্ষে শেষ গোলটি করেছেন নাগাসাওয়া।
ম্যাচ শেষে বাংলাদেশের কোচ নাভিদ আলম অবশ্য স্বীকার করেছেন, এটা বাংলাদেশ দলের আসল চেহারা নয়। এই ফলাফল অনেকটাই অপ্রত্যাশিত। শক্তির তুলনায় জাপান এগিয়ে থাকলেও প্রথম ২১ মিনিটের মধ্যে তিন গোলই মূলত বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল। ঐ সময় থেকেই আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা গেছে। যদিও পরের ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নাভিদ।
গ্রুপ-এ’তে শেষ দুটি ম্যাচে বাংলাদেশে প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন ফর্মেট অনুযায়ী চার কোয়ার্টারে পনের মিনিট করে তিনটি বিরতিসহ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





