ব্রাজিলের কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন দুঙ্গা। এতে আর্জেন্টিনার সাবেক কোচ ডিয়াগো ম্যারাডোনা মনে করেন, আলবিসিলেস্তেদের কোচ হিসেবে তাকেও ফের ডাকা উচিত ছিল। তার মতে, ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা চমৎকার খেলা উপহার দিতে পারেনি।

২০১০ বিশ্বকাপে ব্রাজিলের কোচের দায়িত্ব ছিলেন দুঙ্গা। সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সেলেকাওরা। ফলে দুঙ্গাকে সরিয়ে স্কলারিকে দলের দায়িত্ব দেয়া হয়। 'মারকানাজু' ভুলতে ২০১৪ বিশ্বকাপে স্কলারির উপরই ভরসা রাখা হয়েছিল। কিন্তু এবার নতুন মারকানাজুর জন্ম দিল তার দল। সেমিফাইনালে ফাইনালে জার্মানির কাছে হারল ৭-১ গোলে। ফলে তাকে বরখাস্ত করে ফের দুঙ্গাকে কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত চার বছর আগের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন ডিয়াগো ম্যারাডোনা। তার দলও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। ফলে তাকেও নিজের পদ হারাতে হয়। এবার ব্রাজিলের মাটিতে রানার্স-আপ হয়েছে মেসিরা। এরপর কোচ আলেসান্তো সাবেলা পদত্যাগ করলেও ম্যারাডোনাকে ডাকা হয়নি।

কিন্তু ম্যারাডোনার প্রশ্ন, তাকে কেন ফের কোচের দায়িত্ব দেয়া হল না। আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপ জয়ী এই তারকা বলেন, "দলে কোনো কোচ নেই। আমি আর্জেন্টিনার হয়ে খেলেছিলাম। ব্রাজিল যদি দুঙ্গাকে ডাকতে পারে, আর্জেন্টিনাকে কেন আমাকে ডাকল না।"

তবে নিজ দেশের কোচের দায়িত্ব না পাওয়া নিয়ে কথা বাড়ালেন না ম্যারাডোনা। তিনি বলেন, " যাহোক, আমি দুবাইতে শান্তিতে আছি। কারো কাছে আমার নতজানু হওয়ার দরকার নেই।"

১৯৯০ বিশ্বকাপে সর্বশেষ ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। দীর্ঘ ২৪ বছর পর ফের ২০১৪ বিশ্বকাপে ফাইনাল খেলল দলটি। কিন্তু ম্যারাডোনা বিশ্বাস করেন ব্রাজিলের মাটিতে শক্তিশালী দল হিসেবে খেলতে পারেনি সাবেলার শিষ্যরা।

তিনি বলেন, "আমি সাবেলা বা খেলোয়াড়দেরকে কঠিন কিছু বলতে চাই না। তবে আমি মনে করি না, আর্জেন্টিনা কোনো ম্যাচ বেশ ভালোভাবে জিতেছে।"

ঢাকা, ৮ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই