স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হওয়া খেলোয়াড়দের দ্রুত ঘরোয়া আসরে ফিরিয়ে আনতে সংশোধিত দুর্নীতি বিরোধী আইন অনুমোদন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার এক বিজ্ঞপ্তিতে আইসিসির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

গত আইপিএলে স্পট ফিক্সিং করেছিলেন ভারতীয় কিছু খেলোয়াড়। তাই এই কথা মাথায় রেখেও আইন সংশোধন করা হয়েছে বলে জানান আইসিসির চেয়ারম্যান নারায়নস্বামী শ্রীনিবাসন, ‘গত কয়েক বছরের অভিজ্ঞতা ও চিত্র থেকে আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি যে, এটি সংশোধন করা উচিত। ফলে আইনটি অনেক বেশি বলিষ্ট ও ব্যাপকভাবে প্রসারিত হবে। যাতে ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য সুবিধা হয়।’

স্পট ফিক্সিং-এর কারণে বর্তমানে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যে উল্লেযোগ্য হলেন পাকিস্তানের তিন খেলোয়াড়- সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং-এর জন্য বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন তারা। বাট দশ বছর ও আসিফ সাত বছর করে নিষিদ্ধ হন। পরবর্তীতে বাটের পাঁচ বছর ও আসিফের দুই বছর মুলতবি করা হয়েছে। আর মুলতবি ছাড়া আমিরকে নিষিদ্ধ করা হয় পাঁচ বছর।

এসব নিষিদ্ধ খেলোয়াড়দের খেলার মাঠে দ্রুত ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে আইসিসি। এজন্য সংশোধন করে দুর্নীতি বিরোধি আইন অনুমোদন করেছে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি।

আইন সংশোধন হওয়ায় সবচেয়ে বেশি উপকার হবে পাকিস্তানের তারকা খেলোয়াড় মোহাম্মদ আমিরের। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

তবে আইন যতই সংশোধন করা হোক দুর্নীতির বিপক্ষে সবসময়ই লড়াই করে যাবে বলেন জানান আইসিসির প্রধান নির্বাহি ডেভিড রির্চাডন, ‘আইন সংশোধন আইসিসি’র জন্য বড় চ্যালেঞ্জের। তবে দুনীর্তির বিপক্ষে আমরা সবসময়ই লড়াই করবো এবং ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেব।’

জেডআই