টেস্টে সিরিজ আগেই হাতছাড়া করেছে ভারত। এবার শেষ ম্যাচে সান্ত্বনার জয়টাও তাদের জন্য অসম্ভব কল্পনা। কারণ শুক্রবার চতুর্থ দিন শেষে ৩৪৮ রানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৫১ রান। ওয়ানডের মতো ব্যাটিং করে মাত্র ৪০ ওভারে এই রান তোলে স্বাগতিক ব্যাটসম্যানরা। শেষ দিন স্বাগতিকরা আর ব্যাট করতে না নামলেও ম্যাচ বাঁচানো কঠিন হবে ভারতের জন্য।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৭২ রানের জবাবে শুক্রবার ৪৭৫ রান করে আউট হয়ে গেলেও আশা টিকে ছিল ভারতের। কিন্তু চতুর্থ দিনের শেষ সেশনে ম্যাচের চিত্র পুরো পাল্টে দেয় স্বাগতিক দল।
শেষ দিকে টি-টোয়েন্টির মতো ব্যাট চালিয়ে দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩৯ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করেন জো বার্নস।
ভুবনেশ্বর কুমারের বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেন রজার্স। ৭৭ বলের ইনিংসে ৭টি চার মারেন তিনি। এর সঙ্গে টানা ৬ ইনিংসে অর্ধশতক করে অস্ট্রেলিয়ার রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। মার্ক টেইলর, অ্যালান বোর্ডারসহ অস্ট্রেলিয়ার আরও আট জনের এই কীর্তি আছে।
দিনের শেষ দিকে দ্রুত রান তোলা শুরু করেন দারুণ ফর্মে থাকা অধিনায়ক স্মিথ। ৭০ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭১ রান করেন তিনি। সিরিজে তার রান হলো ৭৬৯। চার বা এর চেয়ে কম ম্যাচের সিরিজে এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
২ চার ও ২ ছক্কায় ৩০ বলে ৩১ রান করে অপরাজিত আছেন ব্র্যাড হ্যাডিন।
ভারতের বোলার রবিচন্দ্রন অশ্বিন চার উইকেট নিলেও ১৯ ওভারে দিয়েছেন ১০৫ রান। এছাড়া মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট পান।
সকালে ৫ উইকেটে ৩৪২ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই অধিনায়ককে হারায় ভারত। আগের দিনের ১৪০ রানের সঙ্গে আর ৭ রান যোগ করতে পারেন বিরাট কোহলি। তার ২৩০ বলের ইনিংসে ছিল ২০টি চার।
অশ্বিন ১১১ বল খেলে ৬টি চারের সাহায্যে ৫০ রান করেন। আর ভুবনেশ্বর করেন ৩০ রান।
অস্ট্রেলিয়ার মিচের স্ট্যার্ক নেন ৩ উইকেট। রায়ান হ্যারিস, ন্যাথান লায়ন ও শেন ওয়াটসন নেন দুটি করে উইকেট।
২-০ ব্যবধানে এগিয়ে আগেই চার টেস্টের সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৭২/৭ (ডি.), (স্মিথ ১১৭, ওয়ার্নার ১০১, রজার্স ৯৫, ওয়াটসন ৮১)
ভারত প্রথম ইনিংস: ৪৭৫ (কোহলি ১৪৭, রাহুল ১১০, রোহিত ৫৩)
দ্বিতীয় ইনিংস: ২৫১/৬ (স্মিথ ৭১, বার্নস ৬৬, রজার্স ৫৬, হ্যাডিন ৩১*)
জেডআই





