বিশ্বের কোটি কোটি ব্যবহারকারীদের কাছে ক্রিকেটকে পৌঁছে দিতে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সঙ্গে চুক্তিবদ্ধ হলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আগামী চার বছরের চুক্তিতে ক্রিকেটের সব কনটেন্ট ফেসবুকের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেবে আইসিসি। গতকাল বৃহস্পতিবার এক বার্তার মাধ্যমে ফেসবুকের সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এই চুক্তির আওতায় ২০২০ ও ২০২২ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া এখন থেকে ফেসবুকে খেলার হাইলাইটস, গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও এবং ক্রিকেটের বিভিন্ন কনটেন্টও দেখতে পাবেন দর্শকরা।
ফেসবুকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী মানু সহনি বলেন, ‘বেশ কয়েক বছরের চুক্তিতে ক্রিকেট পরিবারের সঙ্গে আবদ্ধ হচ্ছে ফেসবুক। ক্রীড়াদুনিয়ার অন্যতম সফল খেলার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সর্ববৃহৎ প্ল্যাটফর্মের মেলবন্ধন ক্রিকেটের পক্ষে ভালোই হবে।’
প্রেস বিবৃতিতে আইসিসি জানিয়েছে, “নিলাম প্রক্রিয়া চলাকালীন একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসির সঙ্গে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত ছিল। তবে এগুলোর মধ্যে ফেসবুককেই বেছে নেওয়া হয়েছে। এই চুক্তির মাধ্যমে ফেসবুক এখন থেকে আইসিসির ডিজিটাল পার্টনার।’
ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই ফেসবুকের প্রতি আগ্রহী হয়ে উঠেছে আইসিসি। বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন ফুটেজ ফেসবুকে শেয়ার করে তারা। সে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৬০ কোটিরও বেশিবার দেখেছেন নেটিজেনরা। ফলে ফেসবুকের সঙ্গে চুক্তি নিয়ে আগ্রহী হয় আইসিসি।
এ প্রসঙ্গে মানু সহনি বলেন, ‘আইসিসির ক্রিকেট বিশ্বকাপে ডিজিটাল ব্যবহারের রেকর্ড গড়েছে। সামনে এই মাধ্যম দিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন দর্শকের সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত হতে আমরা ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছি।’
এমআর





