স্প্যানিশ লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রোববার রাতে গ্রানাডার মাঠে তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। আর বার্সাও সফরকারী হিসেবে লেভান্তের মাঠে তাদেরকে হারিয়েছে ২-০ গোলে।

এই জয়ে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেটিকো মাদ্রিদ, আর তৃতীয় রিয়াল মাদ্রিদ।

জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ নতুন বছরে এই প্রথম প্রতিপক্ষের মাঠে জয় পেল। গত ২৯ নভেম্বর এইবারের মাঠে ২-০ গোলে জেতার পর প্রতিপক্ষের মাঠে তিন ম্যাচে দুটিতে ড্র ও একটিতে হারে তারা।

গ্রানাডার মাঠে খেলার ৩০ মিনিটে প্রথম গোল পায় রিয়াল মাদ্রিদ। দানি কারবাহালের আড়াআড়ি পাস পেয়ে আট গজ দূর থেকে গোলরক্ষকে পরাস্ত করেন করিম বেনজেমা। প্রথমার্ধে এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুদল।

তবে, দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা আক্রমণের ধার বাড়ায়। এরই ফলস্বরূপ ৬০ মিনিটে রিয়াল শিবিরকে থমকে দিয়ে সমতায় ফেরে গ্রানাডা। ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষক নাভাসকে কোনাকুনি শটে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড ইয়োসেফ এল আরাবি।

শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে উঠে রিয়াল। ৮৫ মিনিটে বদলি নামা মাতেও কোভাসিচের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে আচমকা বুলেট শটে জালে জড়ান ক্রোয়েশিয়ার মিড-ফিল্ডার লুকা মরডিচ। শেষ পর্যন্ত তার এই গোলেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে রিয়াল।

অপর ম্যাচে বার্সেলো লেভান্তেকে হারিয়ছে ২-০ ব্যবধানে। তবে, জয়টা তাদের স্বস্তির হয়নি। ২১ মিনিটে বার্সা এগিয়ে যায় স্বাগতিক লেভান্তের ডিফেন্ডার ডেভিড ন্যাভারো আত্মঘাতী গোলে।

এরপর ৯০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি বার্সেলোনা। মেসি, সুয়ারেজ, নেইমারদের একের পর এক আক্রমণ ব্যর্থ হয়েছে প্রতিপক্ষে ডিফেন্সে।

তবে, শেষ বাশি বাজার আগ মুহূর্তে মেসির নিখুঁত পাস থেকে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত তার ওই গোলেই পূর্ণ পয়েন্ট নিয়ে ফেরে লুইস এনরিখের শিষ্যরা।

ওএফ