উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বাঁ-পায়ের ইনজুরিতে পড়েন বার্সেলোনার স্ট্রাইকার ল্ইুস সুয়ারেজ। ফলে স্প্যানিশ লিগে পরের ও শেষ দু’ম্যাচে মাঠেই নামতে পারেননি তিনি। তবে স্প্যানিশ কোপা ডেল’রে ও চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে সুয়ারেজকে দলে পাবার ব্যাপারে আশাবাদী বার্সা কোচ ল্ইুস এনরিক।

বার্সা কোচ বলেন, ‘খুব শীঘ্রই পুরোপুরি ফিট হয়ে উঠবে সুয়ারেজ। আসন্ন দু’টি ফাইনালে সুয়ারেজকে দলে পাবো বলে আশা করছি।’

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইনজুরিতে পড়ায় লা-লিগার শেষ দিকে আর খেলতে পারেননি সুয়ারেজ। ফলে সুয়ারেজকে ছাড়াই অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতে লা-লিগার শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা। মূলত কোপা ডেল’রে ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা চিন্তা করেই তাকে বিশ্রামে রাখে বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট। ঐ দু’টি ফাইনালের আগে সুস্থ হয়ে উঠার সুযোগ দেয়া হয় সুয়ারেজকে।

তাই কোপা ডেল’রে ও চ্যাম্পিয়ন্স লিগের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সুয়ারেজ এমনটাই প্রত্যাশা বার্সা বস এনরিকের, ‘ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ নয় সুয়ারেজ। শতভাগ ফিট হতে আরও কিছু সময় তার লাগবে। তাকে সুস্থ হবার সুযোগ দিতেই লা-লিগার শেষ দু’ম্যাচে খেলানো হয়নি। আশা করছি, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে এবং দু’টি ফাইনালেই খেলাতে পারব।’

কোপা ডেল’রে ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারলে চলতি বছর ট্রেবল জয়ের কীর্তি গড়বে বার্সেলোনা। এমন সমীকরই ভালোই জানা আছে এনরিকের। তাই ফাইনালের দু’টি ম্যাচই জিততে চাইছেন তিনি, ‘আমাদের সামনে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ। দু’টিই ফাইনাল। এই দু’টি ম্যাচ জিততে পারলেই ট্রেবল জয় নিশ্চিত করতে সক্ষম হবো আমরা। তাই দু’টি ফাইনাল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’

কোপা ডেল’রের ফাইনাল হবে ৩১ মে এবং চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল হবে ৭ জুন।

জেডআই