বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, বাংলাদেশের পক্ষে ভারতকে হারানো সম্ভব। তাঁর প্রশ্ন, যদি শ্রীলঙ্কা হারাতে পারে, তাহলে আমরা কেন পারব না।খবর এবিপি আনন্দের।

যদিও আশরাফুলের যুক্তিটা মোটেই ফেলে দেওয়ার মতো নয়। এই তো কিছু দিন আগের কথা। লঙ্কানদের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব দাপটের সঙ্গে হারিয়েছে টাইগাররা। তাও আবার শ্রীলঙ্কার মাটিতেই।

সেই লঙ্কানরা যদি ভারতের তিন শ'র ওপর রান টপকে জিততে পারে, তাহলে টাইগারদের কাছে তো সেটা সহজেই পেরিয়ে যাওয়ার কথা। কিন্তু ক্রিকেটতো আর পরিসংখ্যান দিয়ে হয় না। যেদিন যে দল নিজেদের মেলে ধরতে পারে তারাই জয়ের মালা পরে।

আশরাফুল টানলেন নিউজিল্যান্ডের প্রসঙ্গও। তিনি বলেন, কিউইদের বিরুদ্ধে ৩৩/৪ অবস্থা থেকেও ম্যাচ বের করতে সক্ষম হয়েছে সাকিব-মাহমুদ উল্লাহরা।

তিনি যোগ করেন, অতীতে বাংলাদেশ বেশ কয়েকবার ভারতকে চাপে ফেলে দিয়েছিল। যদিও, ম্যাচ বের করতে পারেনি। তার মতে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে, এক রানে হেরে যাওয়াটা মেনে নেওয়া কঠিন ছিল। কিন্তু, এবার ভাগ্য-পরিবর্তনের আশায় আশরাফুল। তিনি বলেন, আমার বিশ্বাস, আবার ওরা তেমন কিছু করে দেখাবে।

এমবি