অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটিকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ৪৩তম মিনিটে আন্দের এররেরার কোনাকুনি শটে এগিয়ে যায় ইউনাইটেড। ডি বক্সের বাঁ-দিকের গোললাইনের কাছ থেকে ডাচ ডিফেন্ডার ডালে ব্লিন্ডের ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের শটে বল জালে জড়ান স্পেনের এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড, কিন্তু খুব কাছ থেকেও লক্ষ্যভ্রষ্ট হেড করেন বেলজিয়ামের মিডফিল্ডার মারোয়ান ফেলাইনি।
৭৯তম মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন রুনি। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ইংলিশ স্ট্রাইকার।
এক মিনিট পরেই ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন ভিলার ক্রিস্তিয়ান বেনেতেক। জো কোলের নিচু কর্নারে ডান পায়ের শটে গোলটি করেন কঙ্গোর এই স্ট্রাইকার।
যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে সব নাটকীয়তার অবসান ঘটান এররেরা। স্বদেশি হুয়ান মাতার পাস থেকে ব্যবধান ৩-১ করেন তিনি।
এই জয়ের পর ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি।
এদিকে একই দিনে লিভারপুলকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে যায় আর্সেনাল। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩। আর ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।
জেডআই





