লুক রনকি ও সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়ে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তোলে ফেলে চিটাগং ভাইকিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলটি বড় সংগ্রহ গড়বে বলেই মনে হচ্ছিল। কিন্তু এরপরই ছন্দ হারিয়ে ফেলে চিটাগং। হতাশাজনক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত কুমিল্লাকে সর্বসাকূল্যে ১৪০ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়েছে মিসবাহ-উল-হকের দল।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। দারুণ শুরুর পর শেষদিকে পথ হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রানে আটকে যায় চিটাগং।
চিটাগং ভাইকিংসের হয়ে ১৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন লুক রনকি। সৌম্য ৩০ রান করলেও খেলেন ৩২ বল। এছাড়া ক্রিস জর্দান ৯ বলে ১৬, মিসবাহ ১১ বলে ১৬, দিলশান মুনারাবিরা ২৫ বলে ১৯, সিকান্দার রাজা ২০ বলে ১৭ এবং মিসবাহ করেন বলে রান।
কুমিল্লার হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ নবী, মোহাম্মদ সাইফউদ্দিন, ডোয়াইন ব্রাভো ও রশিদ খান।
৫ ওভারে ৪৬ রান তোলার পর সাইফউদ্দিনের করা ষষ্ঠ ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন রনকি। এরপরই ছন্দপতন ঘটে চিটাগংয়ের। দ্বিতীয় উইকেটে মুনারাবিরা ও সৌম্য মিলে ৩৮ বলে ৩৭ রানের জুটি গড়লে রান সংগ্রহে পিছিয়ে পড়ে বন্দর নগরীর দলটি।
রশিদ খান, আরাফাত সানি ও নবীর আঁটসাট বোলিংয়ে বড় শট খেলতে পারেনি চিটাগং। হতাশাজনক ব্যাটিংয়ের পসরা শেষে তাই দলটি অল্প রানেই আটকে যায়।
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা কুমিল্লা গত দুই ম্যাচে টানা জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে। অন্যদিকে তিন ম্যাচে দুটি হারে সাত দলের টুর্নামেন্টে পাঁচ নম্বরে রয়েছে চিটাগং ভাইকিংস।
ইনজুরির কারণে বিপিএলের পঞ্চম আসরের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবারের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। তবে অধিনায়কের দায়িত্ব এখনো নেননি তামিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, আরাফাত সানি, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নবী, রশিদ খান, মারলন স্যামুয়েল, ডোয়াইন ব্রাভো ও জস বাটলার।
চিটাগং ভাইকিংস: মিসবাহ-উল-হক, দিলশান মুনারাবিরা, সৌম্য সরকার, লুক রনকি, এনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, তানভির হায়দার, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সিকান্দার রাজা ও ক্রিস জর্দান।
এমএ





