হার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শুরু করেছে আর্সেনাল। রোববার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্ট হামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
এই জয়ের ফলে আট বছর পর আর্সেনালের বিপক্ষে জয় খরা কাটাল ওয়েস্ট হাম। ২০০৭ সালে সর্বশেষ লন্ডনের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল তারা। বিপরীতে হারের ফলে লিগ টেবিলে সবার নিচে থেকে লিগ যাত্রা শুরু করল লিগের অন্যতম শক্তিশালী দলটি।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে লিড নেয় ওয়েস্ট হাম। ৪২তম মিনিটে আর্সেনালের গোল প্রচেষ্টা ব্যর্থ করে দেন হামারদের গোলরক্ষক আদ্রিয়ান। কিন্তু পরের মিনিটে দিমিত্রি পায়েতের ফ্রি-কিক থেকে আসা বল কোয়েটা হেড করে আর্সেনালের জালে জড়িয়ে দেন।
বিরতির পর ৫৭ মিনিটে ওজালাদে চেম্বারলাইনের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোলরক্ষক পেত্র চেককে পরাস্ত করেন জারাতে। ফলে ২-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা।
বাকি সময় আর কোনো গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। আর জয় আনন্দে উদ্ভাসিত হয় কোচ বিলিচের শিষ্যরা।
জেডআই





