শনিবার রাতে রিয়াল মাদ্রিদ ও কর্ডোভার খেলায় ২-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও এই ম্যাচে রোনালদো লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন।
ম্যাচ জিতলেও প্রতিপক্ষের মাঠে রিয়ালের শুরুটা মোটেই ভালো হয়নি। মাত্র ৩ মিনিটের মাথায় নাবিল গিলাসের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। তাই স্বাগতিকদের শিবিরে আক্রমণ পাল্টা-আক্রমণ চালিয়ে ২৬ মিনিটে করিম বেনজেমার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে রিয়াল।
ম্যাচের প্রথমার্ধে নতুন করে গোলের দেখা পায়নি দুই দল। তাই ১-১ গোলের ব্যবধানে সমতা নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতি শেষেও রিয়ালের শিবিরে আরো কয়েকবার আতঙ্ক ছড়াতে সক্ষম হয় তুলনামূলক দুর্বল দল কর্দোভা। অপরদিকে, রোনালদোরা তাদের স্বভাবসূলভ খেলা খেলতে পারেননি। তাই তুলনামূলক দুর্বল দলটির কাছে রিয়ালের নাকানি-চুবানি খাওয়ার পালা!
তার ওপর ৮২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। অপরদিকে ৮৭ মিনিটে কর্দোভার নিকোলাস কার্টাভিয়াও লাল কার্ড (দুই বার হলুদ কার্ড মিলে) দেখে মাঠ ছাড়েন। আর তাতে পেনাল্টি পায় রিয়াল। শট নিয়ে সফল গ্যারেথ বেল। এতে রিয়ালের জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। কাতালান ক্লাবটির ভান্ডারে জমা আছে ৪৪ পয়েন্ট।
আর তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৪১। লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে সেভিয়া (৩৯)। আর পঞ্চম স্থানে থাকা ভালেন্সিয়ার অর্জন ৩৮।
ইআর





