ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৪ সালে নিজেদের শেষ ম্যাচে ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৫ সালের শুরুর ম্যাচেও ড্র করেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি।
বৃহস্পতিবার প্রতিপক্ষ স্টোক সিটির স্টেডিয়াম ব্রিটানিয়ায় ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড। তবে এটা তাদের জন্য সৌভাগ্যও বলা চলে। কারণ ম্যাচের দুই মিনিটের মধ্যে পিছিয়ে পড়েছিল কোচ ভ্যান গলের শিষ্যরা। অবশেষে গোলটি শোধ করে ড্র নিয়ে স্টোক সিটির মাঠ থেকে বিদায় নিতে পারে তারা।
এই ড্রয়ের ফলে ২০ ম্যাচে মাত্র ৩৭ পয়েন্ট অর্জন করেছে ম্যানইউ। এতে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। এক ম্যাচ কম খেলে ৪৬ ও ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ও দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। এদিকে ২০ ম্যাচে ২৬ পয়েন্ট অর্জন করা স্টোক সিটি রয়েছে ১১তম স্থানে।
এদিন খেলার মাত্র দুই মিনিটে লিড নেয় স্টোক। শুরুতেই একটি কর্নার আদায় করে নেয় স্বাগতিকরা। আর সেটি কাজে লাগাতে ভুল করেনি তারা। কর্নার থেকে আসা বল হেড করেন পিটার ক্রাউচ। সেখান থেকে বল পান রায়ান শাউক্রস। আর সেই বল পেয়ে ডি গিয়াকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এই তারকা।
তবে খেলার প্রথমার্ধেই গোলটি শোধ করে দিতে সক্ষম হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ মিনিটে গোল করে রেড ডেভিলদেরকে স্বস্তি এনে দেন কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও।
১-১ গোলের সমতায় বিরতি থেকে ফিরে এসে দুই দলই গোলের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু লক্ষ্য পূরণ হয়নি কারও। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
জেডআই





