বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। এমন ফলাফলে সমর্থকদেরকে কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচটিতে ব্রাজিলকে নেতৃত্ব দেয়া ডেভিড লুইজ। ম্যাচ শেষে কান্না জড়িত কণ্ঠে চোখে জল নিয়ে ক্ষমা চান তিনি।
মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল স্বাগতিক ব্রাজিল। কিন্তু দলের সেরা তারকা নেইমার ও অধিনায়ক থিয়াগো সিলভাকে ছাড়াই লড়তে হয়েছিল তাদের। এতে ১৯৫০ বিশ্বকাপের পর দেশের মাটিতে আরেকটি দু:স্বপ্ন নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এ পরাজয়ের দায়িত্ব কাঁধে নিয়ে ডিফেন্ডার লুইজ বলেছেন, "সবার কাছে, সব ব্রাজিলীয়র কাছে আমি ক্ষমা চাই। আমি আমাদের সমর্থকদের মুখে হাসি দেখতে চেয়েছিলাম। এটা সবার জানা যে ব্রাজিলীয়দেরকে খুশি দেখাটা আমার জন্য কত গুরুত্বপূণ ছিল। কমপক্ষে ফুটবলের জন্যও আমাদের জয় দরকার ছিল। কিন্তু তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ভালো প্রস্তুতি নিয়েছিল। এটা আমাদের জন্য খুবই একটি কষ্টের দিন। কিন্তু এর মধ্য দিয়েও আমাদের অনেক কিছু শেখার আছে।"
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





