চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচ পল ফারব্রেসকে ছেড়ে দেয়ায় দেড় লাখ পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। এই ক্ষতি পূরণ দিয়েছে ফারব্রেসকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
শ্রীলংকার প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ফারব্রেস সম্প্রতি ইংল্যান্ড প্রধান কোচ পিটার মুরসের সহকারী হিসাবে যোগ দিয়েছেন। এসএলসির সঙ্গে করা দুই বছরের চুক্তি অনুযায়ী ফারব্রেসের ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত লংকান দলের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু পাঁচ মাস দায়িত্ব পালনের পর লংকান দলের দায়িত্ব ছেড়ে বৃহস্পতিবার ইংল্যান্ড দলে যোগ দেন তিনি।
ইসিবির দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘ইসিবি এবং এসএলসির মধ্যে সমঝোতার পর ইংল্যান্ড ম্যানেজমেন্ট টিমের সঙ্গে ফারব্রেসের চুক্তি সম্ভব হয়েছে।’
এ বিষয়ে জানার জন্য এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ক্ষতিপূরণ হিসেবে এসএলসিকে ইসিবির দেড় লাখ পাউন্ড দিতে হয়েছে।
এ অর্থের পরিমাণ প্রায় এসএলসির সঙ্গে ফারব্রেচের বার্ষিক চুক্তির সমান। অবশ্য ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ার থেকে নিজেদের দলে ভেড়াতে এসএলসিকে তখন ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ গুণতে হয়েছিল।
[b]
ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই[/b]