অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে পাত্তাই পাচ্ছে না ভারতের বোলাররা। বৃষ্টিও অসি ব্যাটসম্যানদের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ফলে দ্বিতীয় দিন শেষে মাত্র সাত উইকেট হারিয়ে ৫১৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

বৃষ্টির কারণে বুধবার দ্বিতীয় দিন বেশিক্ষণ খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। মাত্র ৩০ ওভার ব্যাট করেছে অস্ট্রেলিয়া। কিন্তু মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে বড় স্কোর করেছে তারা।

প্রথম দিনে ৬ উইকেটের বিনিময় ৩৫৪ রান তুলেছিল স্বাগতিকরা। দ্বিতীয় দিনে মাত্র একটি উইকেট হারিয়েছে দলটি। ক্যারিয়ারে ২৮তম সেঞ্চরি পূর্ণ করার পর অভিষিক্ত কার্ন শর্মার বলে আউট হয়েছেন অধিনায়ক ক্লার্ক। মাঠ ছাড়ার আগে নিজের নামে পাশে জমা করেছেন ১২৮ রান। আগের দিন কোমরে চোট নিয়ে ৬০ রান করেই মাঠ থেকে উঠে গিয়েছিলেন তিনি।

এদিকে আগের দিনের ৭২ রান নিয়ে খেলা শুরু করা স্মিথ ১৬২ রান নিয়ে অপরাজিত আছেন। ক্লার্কের বিদায়ের পর মাঠে নামা মিশেল জনসন রানের খাতা খোলার আগে এদিনের খেলা বন্ধ হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫১৭/৭ (স্মিথ ১৬২*, ক্লার্ক ১২৮, ওয়ার্নার ১৪৫; শামি ২/১২০, অ্যারন ২/১৩৬, কার্ন ২/১৪৩)।

জেডআই