বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব উত্তেজনা এখন প্লে-অফ পর্বকে ঘিরে। ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স।
শুক্রবার দুপুরে এলিমিনেটর পর্বে মুখোমুখি হয়েছে খুলনা ও রংপুর। কোয়ালিফায়ার পর্বে যেতে রংপুর রাইডার্সের সামনে ১৬৮ রানের চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।
শুক্রবার প্লে-অফের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেন রংপুর দলপতি মাশরাফি বিন মুর্তজা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান তুলেছে খুলনা টাইটানস।
ব্যাটিংয়ে নেমে মাশরাফির বোলিংয়ের সামনে সুবিধা করে উঠতে পারছিলেন না নাজমুল হোসেন শান্ত ও মাইকেল কিলিঞ্জার। এক প্রান্তে চাপ ধরে রাখার সুবিধাটাও পান মাশরাফিরা।
চতুর্থ ওভারে শান্তকে ফিরিয়ে দেন সোহাগ গাজী। এরপর দলীয় ৩৪ রানে আফিফ হোসেনকে ক্লিন বোল্ড করেন লাসিথ মালিঙ্গা।
উইকেটে এসেই ঝড় তোলেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুটি ছয় ও দুটি চারে ৫ বলে ২০ রান করেন তিনি।
তবে নিজের ষষ্ঠ বলে বাউন্ডারি সীমায় মাহমুদউল্লাহকে তালুবন্দি করেন সোহাগ গাজী। ওপেনার মাইকেল কিলিঞ্জার বেশ কিছু সময় ক্রিজে কাটালেও ২৬ বলে করেন মাত্র ২১ রান।
আরিফুল হক রানের চাকাটা সচল করার চেষ্টা করেও ব্যর্থ হন। ৩০ বলে ২৯ রান করেন আরিফুল।
তবে টাইটানসদের হৃষ্টপুষ্ট সংগ্রহ এনে দেন কার্লোস ব্রেথওয়েট ও নিকোলাস পুরান। মাত্র ৯ বলে ২৫ রান করেন ব্রেথওয়েট আর ২২ বলে ২৮ রান করেন নিকোলাস।
রংপুরের হয়ে দুটি উইকেট নেন মালিঙ্গা। এ ছাড়া একটি করে উইকেট নেন সোহাগ গাজী, নাজমুল হোসেন অপু, রবি বোপারা ও রুবেল হোসেন।
এমএ





