নতুন কোচ তিতের অধীনে পরপর দুটি ম্যাচে জয় পেলে ব্রাজিল। আর অলিম্পিকে সোনা জয়ের পর থেকে উড়ে চলেছেন বার্সেলোনা তারকা নেইমারও। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতেও নেইমার ছিলেন হিরো। তার করা গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

ব্রাজিলের মানাউসের আমাজোনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর ম্যাচটিতে ব্রাজিল কলম্বিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিকরা লিড নেয়। নেইমারের কর্নারে কোনাকুনি হেডে বলকে জালে পাঠান গত ম্যাচের অধিনায়ক মিরান্দা। দেশের হয়ে এটাই তার প্রথম গোল।

এরপর ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান নেইমার। তবে তার শটটি ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনা। এর কিছু পরেই নেইমারের দুর্দান্ত এক পান থেকে বল জালে জড়ান পাউলিনিয়ো। তবে গোলের উচ্ছ্বাসে মেতে উঠতে পারেননি তিনি। হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করায় দেখতে হয়েছে হলুদ কার্ড।

৩৬তম মিনিটে ঘটে অঘটন। ব্রাজিলের আত্মঘাতী গোলে সমতায় ফিরে কলম্বিয়া। হামেস রদ্রিগেজের পাস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেই বিপদ ডেকে আনেন মারকিনিয়োস। এর দুই মিনিট পর নেইমারের আরও একটি শট ঠেকিয়ে দেন অসপিনা।

পুরো ম্যাচজুড়েই দারুণ খেলেছেন নেইমার। আক্রমণের পর আক্রমণ করেই চলেছেন। এরপর ৭৪তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন নেইমার। কৌতিনহোর পাসে বল পেয়ে কোনাকুনি নীচু শটে নির্ভুল লক্ষ্যভেদ করেন তিনি।

এরপর আরও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে ব্রাজিল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

এই ম্যাচে জয়ের ফলে আট ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াল ১৫। সমান সংখ্যাক ম্যাচে আর্জেন্টিনার পয়েন্টও সমান। আর উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

এমএনজে