ব্রাজিলে এ বছরের শুরু থেকেই মশাবাহিত জিকা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। সেজন্য ব্রাজিল ভ্রমণের ক্ষেত্রে সতর্ক অবস্থায় আছেনঅনেকেই। এ পরিস্থিতিতে কিছুটা হলেও সংকটের মুখে পড়েছে ব্রাজিলে অনুষ্ঠিতব্য এবারের রিও অলিম্পিক।
জিকা ভাইরাসের ভয়ে রিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান গলফার মার্ক লেইসম্যান।
১৯০৪ সালের পর এবারই প্রথমবারের মতো গলফ জায়গা করে নিয়েছে অলিম্পিকে। কিন্তু শুরুর আগেই বেশ কয়েকজন গলফার নিজেদের সরিয়ে নিয়েছেন রিও অলিম্পিক থেকে। ফিজির বিজয় সিং ও অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কটের পর অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন মার্ক লেইসম্যান। মূলত জিকা ভাইরাসের ভয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই গলফার।
গলফ অস্ট্রেলিয়া ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এবারের অলিম্পিকে আমি নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারছি না। আপনাদের অনেকেই জানেন, গত এপ্রিলে টক্সিক শক সিনড্রোমে আক্রান্ত হওয়ায় আমি আমার স্ত্রী অড্রেকে হারাতে বসেছিলাম। সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আমরা অড্রের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছি। আর ব্রাজিলে আবারও তাঁর জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার হুমকি আছে। ফলে রিও অলিম্পিকে অংশ না নেওয়ার কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে।’
স্কটের আগে দক্ষিণ আফ্রিকার দুই গলফার লুইস অসটুজেন ও চার্ল সোয়ার্টজেলও রিও অলিম্পিকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
জিকা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক অ্যাথলেটই বিশেষ প্রস্তুতি হিসেবে তৈরি করেছেন বিশেষ ধরণের পোশাক। ব্রাজিল সরকারও অলিম্পিকের সময় মশাবাহিত এই রোগ মোকাবিলার জন্যনানা পদক্ষেপ নিয়েছে।
এমআইএস





