মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এত হইচই হচ্ছে কেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টাইগারদের নিয়ে দেশে ফেরার পর সাংবাদিকদের সামনে এমন বিস্ময় প্রকাশ করেন তিনি। একইসঙ্গে আবারও জোর দিয়ে বলেছেন, ম্যাশ অবসর নেয়নি; অধিনায়কত্ব ছেড়েছেন মাত্র।

বিসিবি সভাপতি বলেন, আজ পর্যন্ত টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোনো খেলোয়াড়কে নিয়ে খুব একটা খবর-টবর দেখিনি। বাংলাদেশেই দেখলাম টি-টোয়েন্টি থেকে অধিনায়ক চলে যাচ্ছে বলে হুলুস্থুল! অন্য দেশে টেস্ট ও ওয়ানডেতে বিদায় নিয়ে কথা হয়, কিন্তু টি-টোয়েন্টি থেকে এত কথা হয় না।

মাশরাফির বিদায় ঘোষণা আর বিসিবি সভাপতির বক্তব্যে আরও ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি। ম্যাশ আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পরও বিসিবি সভাপতি কেন সেটাকে নাকচ করে দিচ্ছেন তা নিয়ে জল ঘোলা হচ্ছে সর্বত্র।

অনেকেই মনে করছেন বিসিবি সভাপতির বক্তব্য সত্য হয়, তবে যে ভক্তরা আশায় বুক বেঁধে আছে তারা হয়ত আবার ২০ ওভারের ক্রিজে দেখতে পাবেন এই মহাতারকাকে। কিন্তু কি করবেন ম্যাশ, ফিরবেন কি মুকুটবিহীন রাজা হয়ে?

কিন্তু বিমানবন্দরে দাঁড়িয়েই নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে গেলেন মাশরাফি। টি-টুয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোন সম্ভাবনা নেই।’

এমবি