ভারতের বিপক্ষে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৮৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০৮ রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এরপর নিজেদের ইনিংসে জবাব দিতে নেমে দিন শেষে ৪ উইকেটে ২২১ রান তুলেছে অসিরা।
প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১১ রান তুলেছিলো ভারত। আজিঙ্কা রাহানে ৭৫, রোহিত শর্মা ২৬ রানে অপরাজিত ছিলেন। তবে নিজেদের ইনিংসটাকে বড় করতে পারেননি তারা। রাহানে ৮১ ও রোহিত ফিরেন ৩২ রানে।
ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে না পারা ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট হাতে নিজের শুরুটা ভালোই করেছিলেন। বড় ইনিংস গড়ার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার সফল বোলার অভিষিক্ত জস হ্যাজেলউডের পঞ্চম শিকারে যবনিকাপাত ঘটে ধোনির ইনিংসের। করেছেন ৩৩ রান। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে পাঁচ উইকেট শিকারের তালিকায় নিজের নামকে তৃতীয়স্থানে লিখলেন হ্যাজেলউড। এর আগে এমন কৃতি করে দেখিয়েছেন জেসন ক্রেজা ও ব্রেট লি।
ধোনির পর টেলএন্ডারে একমাত্র রবীচন্দ্রন অশ্বিন বলার মত রান করেছেন। আট নম্বরে নেমে ৩৫ রান করেন তিনি। এছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের কোটা না পেরোলে ৪০৮ রানেই গুটিয়ে যায় ভারত। অসিদের পক্ষে ৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন হ্যাজেলউড।
নিজের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগের টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার এবার থামেন ২৯ রানে। নিজের শততম টেস্ট ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানের বেশি করতে পারেননি তিন নম্বরে নামা শেন ওয়াটসন। টেস্টে অস্ট্রেলিয়ার ২৯তম খেলোয়াড় হিসেবে শততম বা তার চেয়ে বেশি ইনিংস খেলার কৃতি দেখালেন ওয়াটসন।
ওয়ার্নার ও ওয়াটসন ফিফটির দেখা না পেলেও, ক্রিস রর্জাস ও অধিনায়ক স্টিভেন স্মিথ ঠিকই ছুয়েছেন হাফ-সেঞ্চুরির কোটা। রর্জাস ৫৫ রানে বিদায় নিলেও, ৬৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন স্মিথ। ক্রিজে তার সঙ্গী মিচেল মার্শ। এর আগে ৩২ রানের ইনিংস খেলে দলের ইনিংস মেরামতে স্মিথকে সঙ্গ দিয়েছেন মিচেলের বড় ভাই শন মার্শ। ভারতের পক্ষে ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন উমেশ যাদব।
সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)
ভারত : ৪০৮/১০, ১০৯.৪ ওভার (বিজয় ১৪৪, রাহানে ৮১, হ্যাজেলউড ৫/৬৮)।
অস্ট্রেলিয়া : ২২১/৪, ৫২ ওভার (স্মিথ ৬৫*, রর্জাস ৫৫, যাদব ৩/৪৮)।
জেডআই





