হ্যামস্ট্রিং সমস্যার কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ ও চতুর্থ টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়া পেসার মিশেল জনসন। ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ) রোববার এ তথ্য জানিয়েছে।
সিএ ফিজিওথেরাপিস্ট এ্যালেক্স কন্টুরিজ জানিয়েছেন, ভারতের বিপক্ষে প্রথম তিন টেস্টে দীর্ঘ স্পেলে বোলিং করা ৩৩ বছর বয়সী জনসন বক্সিং ডে টেস্টে হ্যামস্ট্রিংয়ে আঘাত পান এবং তারপর থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
কন্টুরিজ বলেন, ‘এমন অবস্থার প্রেক্ষিতে আগামী টেস্টে আমরা তাকে খেলাবো না। আমরা আশা করছি ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আগেই সে খেলার মত সুস্থ হয়ে উঠবে।’
কোচ ড্যারেন লেহম্যান বলেন, জনসনকে নিয়ে তিনি কোন ঝুঁকি নিতে চান না। কেননা অস্ট্রেলিয়ার গ্রীষ্ম মৌসুমে সে দলের গুরুত্বপূর্ণ অংশ।
জেডআই





