ফরিদপুরের ভাংগায় ফুটবল খেলায় ‘ফাউল’ নিয়ে বাক-বিতণ্ডা থেকে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকালে উপজেলার আলগী বালিয়াচড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ভাংগা থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহত জামাল শেখ (৩৭) বালিয়াচড়া গ্রামের বাসিন্দা। তার লাশ থানায় রাখা হয়েছে।

ওসি মিজানুর বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াচড়া গ্রামের একটি মাঠে স্থানীয় যুবকদের ফুটবল খেলার মধ্যে ‘ফাউল’ করা নিয়ে বাকবিতণ্ডা হয়।

“পরে তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান চিকিৎসাধীন অবস্থায় জামালের মৃত্যু হয় বলে জানান ওসি মিজানুর রহমান।

এসএম/জেএইচ